আমিও হতে চাই ক্রিকেটার
পিঠে স্কুল ব্যাগ। পরনে স্কুল ড্রেস। কিন্তু রাস্তার যে অবস্থা! গাজীপুর থেকে ঢাকার মিরপুর-১০-এ পৌঁছাতে লেগে গেল চার ঘণ্টা। বাস থেকে নেমেই দ্রুত হাঁটা ধরল দুই বান্ধবী। ঢাকার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এসেই একটি কক্ষে ঢুকল। বেশভূষায় হয়ে গেল পুরোদস্তুর ক্রিকেটার—পরনে ট্রাউজার আর জার্সি। যাদের কথা বলছি প্রথমে তারা কথা বলতে রাজি হয়নি। পরে বলেছে, ‘কথা বলতে পারি, তবে আমাদের নাম-ঠিকানা লেখা যাবে না।’ কৌতূহল আরও বেড়ে গেল। আশ্বস্ত্ত করলাম তাদের দুজনকে। শেষে মুখ খুলল দুই বন্ধু। ‘আমরা দুজনে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মা-বাবা চান আমরা লেখাপড়া করে বড় চাকরি করি। কিন্তু আমরা চাই ক্রিকেট খেলতে। আর তাই বাড়িতে স্কুলের কথা বলে আমরা চলে এসেছি ঢাকায়। জাতীয় দলের ক্রিকেটার হয়ে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’২ অক্টোবর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জন্য ক্রিকেটার বাছাইয়ের নিবন্ধন কার্যক্রম হয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমিক মাঠে। সারা দেশ থেকে এখানে চার শতাধিক মেয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে জড়ো হন। অনেকে এসেছেন নিজের আগ্রহে, কেউ কেউ বাবা-মায়ের অনুপ্রেরণায়। ক্রিকেট যে এখন শুধু খেলার জন্য খেলা নয়, এ খেলাকে যেমন পেশা হিসেবে নেওয়া যায়, তেমনি আছে সম্মানও। আর তাই রাজশাহী থেকে ফেরদৌসী খাতুন ছুটে এসেছেন বাবা সোলেমান আলীর সঙ্গে। রওনা দিয়েছেন সকালে। বাবা-মেয়ে মাঠে এসে পৌঁছান শেষ বেলায়। হাতে ব্যাট, মাথায় ক্যাপ আর চোখে-মুখে আলোর দীপ্তি। প্রচণ্ড গরমে ঘেমে-নেয়ে একাকার ফেরদৌসী। একাডেমিক মাঠে ঢোকার আগেই এগিয়ে যান মূল স্টেডিয়ামের মাঠে। এত্তো বড় মাঠ! ফেরদৌসী বলেন, ‘টিভিতে দেখলেও এত বড় মাঠ (স্টেডিয়াম) সরাসরি দেখা হয়নি। এই মাঠে খেলতে পারলে আমার ইচ্ছা পূরণ হবে। আশা করি, আমি সফল হব।’ বাবা সোলেমান আলী বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েটি অন্য সব ছেড়ে ক্রিকেট খেলত। প্রথম প্রথম খুব বকা দিতাম। কিন্তু এখন দেখি ক্রিকেটে অর্থ ও সম্মান দুটোই আছে। পেশা হিসেবেই ক্রিকেটার এখন ভালো। তাই ওকে উৎসাহ দিই সব সময়। নিজের সামর্থ্য নেই, তার পরও আমার মেয়ে ক্রিকেটার হোক, এটাই আমার চাওয়া।’ জাতীয় দলে নাম লেখাতে চায় সানজিদা ইসলাম। মায়ের সঙ্গে এসেছে নারায়ণগঞ্জ থেকে। কিন্তু বাদ সেধেছে তার বয়স। মাত্র যে সাত বছর তার! কিন্তু নিবন্ধন করেছে ঠিকই। ‘চাইল্ড ল্যাবরেটরি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ছে সানজিদা। তবে ক্রিকেট খেলা হলে সে স্কুলেও যেতে চায় না। তার আগ্রহ দেখেই নিয়ে এসেছি এখানে।’ বলেন তার মা আমেনা বেগম। জামালপুরের মেয়ে সানি রহমান একটু বেশি আত্মবিশ্বাসী। তিন বছর ধরে নিয়মিত ক্রিকেট খেলছেন। ছোটবেলা থেকেই মেয়েদের পুতুল খেলা বা রান্না রান্না খেলায় মন ছিল না তাঁর। খেলাধুলা করতেন ছেলেদের সঙ্গে। আর দৌড়, ফুটবল বা ক্রিকেট তো আছেই। জামালপুর স্টেডিয়ামে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন ছেলেদের সঙ্গে। ব্যাটে, বলে সমান পারদর্শী সানি বলেন, ‘আমি অলরাউন্ডার। তবে এখনো খেলতে গেলে অনেকে বাজে মন্তব্য করে। সেসব এড়িয়েই এগিয়ে চলেছি। তখন মন ভালো করার অনুপ্রেরণা খুঁজে নিই।’ কণা রায় ক্রিকেট খেলাকে নিজের জীবনের সঙ্গে বেঁধে নিয়েছেন। আর তাই তো এবারে এইচএসসি পাস করলেও খেলার প্রতি আকর্ষণ এখনো তুঙ্গে। দিনাজপুরের চিরিরবন্দর থেকে আসা কণা রায় হতে চান ঠিক সাকিব আল হাসানের মতো। বিকেএসপির শিক্ষার্থী জেসির স্বপ্নও জাতীয় দলের হয়ে সালমা, কোবরাদের দলে শামিল হওয়া। জেসি বলেন, ‘ছেলেদের ক্রিকেটের মতো দেশে নারীদের ক্রিকেটার হওয়ার সমান সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বিশ্বকাপ জিতে আসতে চাই দলে সুযোগ পেলে।’জেরিন তাসনিম ক্রিকেট পছন্দ করেন ছোটবেলা থেকেই। প্রথম দিকে বাড়ির আঙিনায় রশি টানিয়ে মোজার মধ্যে বল ভরে চলত প্র্যাকটিস। এরপর নিজের জেলা নরসিংদী স্টেডিয়ামে খেলেন। জেরিন বাঁহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি স্পিন বোলার। এটি মেয়েদের ক্ষেত্রে কম ঘটে। মা-বাবাও উৎসাহ দিচ্ছেন তাকে পুরোদমে। মেয়ে মাঠে সারা দিন প্র্যাকটিস চালান আর বাবা টিফিন নিয়ে বসে থাকেন মাঠের বাইরে। রিতা সাহা, শারাহ মারান্ডি, দীপা রানী সাহা এসেছেন জয়পুরহাট থেকে। সবার মধ্যেই সালমা, কোবরাদের দলে নাম লেখানোর প্রত্যয়। সব বাধা পেরিয়ে তাঁরা এগিয়ে চলেছেন সামনে। লক্ষ্য একটাই, দেশের হয়ে ক্রিকেট খেলে সারা বিশ্বে বাংলাদেশের পরিচিতি এনে দেওয়া। মেয়েদের এমন অভাবনীয় সাড়া দেখে অবাক হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃপক্ষ। ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং এক্সিকিউটিভ জান্নাতুল ফেরদৌস বলেন, ‘সকাল থেকে মেয়েরা যে উৎসাহ নিয়ে এখানে এসেছেন তাতে মনে হচ্ছে, দারুণ কয়েকজন ক্রিকেটার পাওয়া যাবে। নিবন্ধন করেছেন চার শতাধিক মেয়ে। অনেক পরিবার এখন মেয়েদের খেলাধুলায় উৎসাহ দিচ্ছে বলে মনে হচ্ছে।’প্রাথমিক নিবন্ধন শেষ হলে বাছাই করে উত্তীর্ণরা যাবেন ট্রায়াল পর্বে। ট্রায়াল পর্বে চলবে বিশেষ ক্যাম্প। সেখান থেকে যাঁরা ভালো করবেন, তাঁরা চলে যাবেন সরাসরি জাতীয় দলে। এখনো অনেক পথ হাঁটতে হবে। তাই বলে ভয় নেই রিতাদের। ‘আজ না হলে কাল হবে। তাই বলে থেমে থাকবে না আমাদের খেলা’—এই প্রত্যয় যেন দীপা রানীর মতো আরও অনেকের। শুভ হোক মেয়েদের ক্রিকেটের এই পথচলা।