চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনায় উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহার আদালতে শুনানি শেষে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৭ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে উভয় পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পিপি আবুল হাশেম গতকাল প্রথম আলোকে বলেন, বিচারক ৪৩৬, ৩৯৬ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এ মামলায় ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে বলে তিনি জানান। অভিযুক্ত ৩৮ আসামির মধ্যে আটজন হাজতে রয়েছেন। বাকিদের মধ্যে আমিন চেয়ারম্যানসহ ১৫ জন হাইকোর্টের নির্দেশে জামিনে আছেন। অপর ১৫ জন আসামি পলাতক আছেন। আমিন চেয়ারম্যান ছাড়া মামলায় অভিযুক্ত অপর আসামিরা হলেন আবদুল করিম, জাবেদ হোসেন, আহম্মদ মিয়া, মাহবুবুর রহমান, মো. হাসান ওরফে আর্মি হাসান, সরোয়ার উদ্দিন, মো. শাহজাহান, আবু তৈয়ব, আকবর ওরফে আকবর আলী, শাহজাহান ওরফে দুলা মিয়া, আমিনুল হক, আহাম্মদ হোসেন, মতলুব, শফিউল আজম, জসিম, মো. নজরুল ইসলাম, আমিনুল হক ওরফে আমিন্যা, আনু মিয়া, সেলিম, বক্কর, রুবেল, আবু, অজি আহম্মদ, আজিজ, ফজল কাদের, আজগর, জসিম, এনাম, লেদু, কামরুল ইসলাম, আমীর হোসেন, মো. ইউনুছ, আবুল কালাম, নুরুন্নবী ওরফে কালাইয়্যা, মেম্বার রশিদ আহম্মদ, আবদুল নবী ও সবুর আহম্মদ চেয়ারম্যান।এ মামলার সর্বশেষ অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্রু গত ৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে আমিন চেয়ারম্যানসহ নতুন করে আরও আটজনকে সংযুক্ত করে মোট ৩৯ জনকে আসামি করা হয়েছিল। পরে গতকালের শুনানিতে নূরুল ইসলাম নামে এক আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর গভীর রাতে বাঁশখালীর সাধপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা ১১ জনকে পুড়িয়ে হত্যা করে। পরে ওই ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।ওই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমানের জড়িত থাকার অভিযোগ ওঠে। কিন্তু ত ৎ কালীন সরকারের সময় তদন্তে পুলিশ তাঁকে অভিযুক্ত করা থেকে বিরত থাকে বলে বাদীপক্ষ বারবার অভিযোগ করে। মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সাতকানিয়া সার্কেলের ত ৎ কালীন এএসপি ক্লারেন্স গোমেজ ২০০৫ সালের ১৪ ডিম্বের আমিন চেয়ারম্যানকে বাদ দিয়ে ৩১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন। এর বিরুদ্ধে মামলার বাদী বিমল শীলের নারাজির পর আদালত ২০০৭ সালের ২০ মার্চ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর বারবার পুনর্তদন্তে আমিন চেয়ারম্যানকে বাদ দিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। প্রতিবারই বাদী তার বিরোধিতা করে আদালতে অধিকতর তদন্তের আবেদন করেন। সর্বশেষ তদন্ত প্রতিবেদনে আমিন চেয়ারম্যানের নাম উঠে আসে। এই মামলায় তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।