আমিন চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির স্থানীয় নেতা আমিনুর রহমান চৌধুরী ওরফে আমিন চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার আদালতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।শুনানিতে অংশ নিয়ে সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম আমিন চেয়ারম্যানের জামিন আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, ঘর বন্ধ করে এভাবে মানুষ পুড়িয়ে হত্যার ঘটনা লোমহর্ষক। আমিন চেয়ারম্যানের নির্দেশে ২০০৩ সালের ১৮ নভেম্বর এ ঘটনা ঘটানো হয় বলে মামলার এক আসামি তাঁর জবানবন্দিতে বলেছেন। পিপি বলেন, আমিন চেয়ারম্যান ওই ঘটনার মূল হোতা; যে ঘটনায় ওই সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।এরপর আদালত আমিন চেয়ারম্যানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আমিনুর রহমান বাঁশখালীর কালীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর চাচাত ভাই।আদালত সূত্র জানায়, আমিন চেয়ারম্যানসহ নতুন করে আটজনকে অন্তর্ভুক্ত করে ৩৯ জনের বিরুদ্ধে গত ১১ জানুয়ারি আদালতে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু বাঁশখালীর বিচারিক হাকিমের আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। ১৬ জানুয়ারি আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক ও জামিনে থাকা সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালত সূত্র জানায়, পুলিশ প্রতিবেদন (অভিযোগপত্র) দাখিল পর্যন্ত আমিন চেয়ারম্যান হাইকোর্টের জামিনে ছিলেন। অভিযোগপত্র গ্রহণের পরদিন ১৭ জানুয়ারি তিনি হাইকোর্টে যান। ওই দিন বিচারপতি শেখ রেজওয়ান আলী ও বিচারপতি মো. আশরাফুল কামাল তাঁকে চট্টগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারে তিনি ২ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করেন। তবে মূল নথি না থাকায় আদালত আজ ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ক্লারেন্স গোমেজ ৩১ জনকে আসামি করে ২০০৫ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন। বাদী বিমল শীল এই অভিযোগপত্রের ওপর নারাজি দিলে ২০০৭ সালের ২০ মার্চ এ মামলার তদন্তের দায়িত্ব সাতকানিয়া সার্কেলের তত্কালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) সফিকুর রহমানকে দেওয়া হয়। তিনিও একই আসামিদের অভিযুক্ত করে ২০০৭ সালের ২৭ নভেম্বর বাঁশখালীর আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর সিআইডির খুরশিদ জামিল তৃতীয় দফা তদন্ত করেন। এভাবে একে একে সাতজন তদন্ত কর্মকর্তা ঘুরেফিরে একই আসামিদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেন।আদালত সূত্র জানায়, ইউনুস নামের এক যুবক বহদ্দারহাট এলাকায় গ্রেপ্তার হন। তিনিই ১১ খুনের মূল হোতা হিসেবে আমিন চেয়ারম্যানের নাম প্রকাশ করেন। ইউনুসের ওই বক্তব্যের অডিও রেকর্ড আছে, যা সম্প্রতি উদ্ধার করা হয়। এর পরই সিআইডি আমিন চেয়ারম্যানসহ আরও আটজনকে আসামি করে অভিযোগপত্র দেন।