আমিন ফুড ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা জরিমানা
বিএসটিআইয়ের অনুমোদনহীন নুডুলস তৈরি ও বিক্রির দায়ে আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কদমতলী থানার রায়েরবাজার এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালান। ওই প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়েই হ্যানোলাক্স ব্র্যান্ডের নুডুলস তৈরি ও বাজারজাত করে আসছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি এসিআই পিওর ব্র্যান্ড ও জুজু ব্র্যান্ডের নুডুলস তৈরি করছিল। কিন্তু ওই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে তারা কোনো চুক্তিনামা দেখাতে পারেনি। এসব অপরাধে আদালত আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুজন ব্যবস্থাপককে দেড় লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করেন।এ ছাড়া আমিন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০-২৫ জন শিশুশ্রমিককে কাজে লাগিয়ে লিপি ব্র্যান্ডের ফ্লেভার জেল তৈরি করছিল। এ কারণে শিশু শ্রম আইনের বিষয়ে আদালত প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীনের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযানে সহায়তা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক কে এম হানিফ ও ঢাকা মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।