মাদকদ্রব্য আইনের দুটি মামলায় আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে মোট সাত কোটি ৫৫ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও সাত বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। আদালত উভয় মামলায় আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন।রায় ঘোষণার আগে আমিন হুদা ও আহসানুলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আমিন হুদার আইনজীবী মোশাররফ হোসেন গতকাল রায় ঘোষণা স্থগিত রেখে আবার সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। আদালত তা নাকচ করে রায় ঘোষণা করেন। ১ জুলাই এ দুটি মামলায় যুক্তিতর্ক শেষ হয়।সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি মামলায় ছয়টি ধারায় আসামিদের প্রত্যেককে মোট ৭৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় সর্বোচ্চ সাজা ১৪ বছর কারাদণ্ড। কারাবিধি অনুযায়ী, একটি মামলার সাজা কার্যকর হলে অন্যটির সাজা স্থগিত থাকবে। তাই এ দুই আসামিকে ১৪ বছর করে মোট ২৮ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দুটি মামলায়ই গতকাল আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।রায়ে বলা হয়, একটি মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তাঁদের প্রত্যেককে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৫/১৯(৪) ধারায় ১৪ বছর কারাদণ্ড ও দুই কোটি টাকা করে জরিমানা, ৯(খ)/১৯(৪) ধারায় ১৪ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করা হলো। উভয় দণ্ড একই সঙ্গে কার্যকর হবে।অপর মামলায় আদালত একই আইনের ৯(খ)/১৯(৪) ধারায় আসামিদের প্রত্যেককে ১৪ বছর কারাদণ্ড ও চার কোটি টাকা জরিমানা, ২২(গ) ধারায় নয় বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা, ৫/১৯(৪) ধারায় ১৪ বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, ২০ ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করেন। আদালত এ দুই মামলার একটিতে ২৫ জন এবং অপরটিতে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাহবুব উদ্দিন আহমেদ, বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর র্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাড়ি থেকে আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার) এবং ইয়াবা বড়ি তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করে র্যাব। এসব ঘটনায় র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়। এর মধ্যে দুটি মামলায় ২০০৮ সালের ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছর হাইকোর্ট ওই স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবার এ দুই মামলার বিচারকাজ শুরু হয়। তৃতীয় মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।