আমিন হুদার জামিনের বিরুদ্ধে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় ইয়াবা সম্রাট আমিন হুদার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। এদিকে সাজাপ্রাপ্ত ওই আসামির জামিনের বিষয়টি অবহিত না করায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে আজ রোববার তিন আইন কর্মকর্তাকে কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়। নোটিশে এ বিষয়ে সাত দিনের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য তিন আইন কর্মকর্তাকে বলা হয়েছে। তিন কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল হাই, সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান ও জান্নাতুল ফেরদৌস। ওই চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও আইন মন্ত্রণালয়েও পাঠানো হয় বলে জানা গেছে। যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, আপিল করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে আবেদন করা হবে। তিনি বলেন, পুনরায় গ্রেপ্তারের আরজি জানানো হবে।অ্যাটর্নি কার্যালয় সূত্র জানায়, অ্যাটর্নি জেনারেলের পাঠানো ওই নোটিশে বলা হয়, ‘গত ১১ ফেব্রুয়ারি প্রায় ৮০ বছরের অধিক মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি আমিন হুদা (ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত) জামিন পান। অপরাধের গুরুত্ব, সাজার মেয়াদ ইত্যাদি বিবেচনায় উক্ত জামিনের বিরুদ্ধে লিভ পিটিশন দায়ের করা দরকার ছিল। কিন্তু এ বিষয়ে আপনারা আমাকে কিছুই জ্ঞাত করেননি। ইতিমধ্যে আসামি জেল থেকে বের হয়ে গেছে। এরূপ একটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে জামিন পাওয়ার পরেও আমাকে এ বিষয়ে জ্ঞাত না করাতে প্রতীয়মান হয়, আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ অবস্থায় আপনাদের এ বিষয়ে সাত দিনের মধ্যে বক্তব্য প্রদানের অনুরোধ করা হলো।’ আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর র‌্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাড়ি থেকে আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানের আরেকটি বাসা থেকে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার) এবং ইয়াবা বড়ি তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করে র‌্যাব। এসব ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় গত বছরের ১৫ জুলাই আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন নিম্ন আদালত। একই সঙ্গে জরিমানার আদেশও দেওয়া হয়। তবে তাঁকে সর্বোচ্চ ১৪ বছর সাজা ভোগ করতে হবে বলে জানান আমিন হুদার আইনজীবীরা। আইনজীবী সূত্র জানায়, ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ওই বছরের ২৯ জুলাই আপিল করেন আমিন হুদা। ৩১ জুলাই আপিল গ্রহণ করে হাইকোর্ট নথি তলব ও জারিমানার আদেশ স্থগিত করেন। চলতি বছরের জানুয়ারিতে জামিন আবেদন আদালতে দাখিল করা হয়। শুনানি নিয়ে ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আমিন হুদার জামিন মঞ্জুর করেন। হাইকোর্টে আমিন হুদার কৌঁসুলি খুরশীদ আলম খান আজ প্রথম আলো ডটকমকে বলেন, জামিন আবেদনের শুনানিকালে হাইকোর্ট ৩ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে আমিন হুদার শারীরিক অবস্থার ওপর মেডিকেল রিপোর্ট তলব করে। কারা কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির মধ্যে আমিন হুদার শারীরিক অবস্থার ওপর মেডিকেল রিপোর্ট দাখিল করে। ওই রিপোর্ট পর্যালোচনা করে হাইকোর্ট ১১ ফেব্রুয়ারি স্বাস্থ্যগত দিক বিবেচনা করে দুটি মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করেন।