আমিন হুদার জামিনের বিরুদ্ধে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় সেই আমিন হুদার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে আবেদন করা হবে।এদিকে বহুল আলোচিত সাজাপ্রাপ্ত এই আসামির জামিনের বিষয়টি অবহিত না করায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে গতকাল রোববার তিন আইন কর্মকর্তাকে কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়। তাঁরা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আবদুল হাই, সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান ও জান্নাতুল ফেরদৌস।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অ্যাটর্নি জেনারেলের পাঠানো কারণ দর্শানোর ওই নোটিশে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি প্রায় ৮০ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমিন হুদা (ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত) ফৌজদারি আপিল নম্বর ৫০৭২/১২ ও ৫০৬৪/১২ মামলায় জামিন পান। অপরাধের গুরুত্ব, সাজার মেয়াদ ইত্যাদি বিবেচনায় ওই জামিনের বিরুদ্ধে লিভ পিটিশন দায়ের করা দরকার ছিল। কিন্তু বিষয়টি সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা অ্যাটর্নি জেনারেলকে জানাননি। ইতিমধ্যে আমিন হুদা কারাগার থেকে বের হয়ে গেছেন। এ রকম একটি গুরুত্বপূর্ণ মামলার আসামি জামিন পাওয়ার পরও বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে না জানানোর ঘটনায় প্রতীয়মান হয়, আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এ ব্যাপারে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ওই তিন আইন কর্মকর্তাকে বক্তব্য দিতে বলা হয়েছে।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের একটি বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, গুলশানের আরেকটি বাসায় অভিযান চালিয়ে ১৩৮ বোতল মদ, পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার) এবং ইয়াবা তৈরির যন্ত্র ও উপাদান উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে। মামলা দুটিতে গত বছরের ১৫ জুলাই আসামি আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। একই সঙ্গে জরিমানার আদেশও দেওয়া হয়।হাইকোর্টে আমিন হুদার আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৯ জুলাই হাইকোর্টে আপিল করেন আমিন হুদা। ৩১ জুলাই আপিল গ্রহণ করে হাইকোর্ট মামলার নথি তলব করেন। একই সঙ্গে জরিমানার আদেশ স্থগিত করেন। এরপর চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টে জামিন আবেদন উত্থাপন করা হয়। শুনানি নিয়ে ১১ ফেব্রুয়ারি বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আমিন হুদার জামিন মঞ্জুর করেন।আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘স্বাস্থ্যগত দিক বিবেচনা করে’ হাইকোর্ট দুই মামলায় আমিন হুদার ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এর আগে জামিন আবেদনের শুনানিকালে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে আমিন হুদার শারীরিক অবস্থার ওপর চিকিৎসাবিষয়ক প্রতিবেদন তলব করেন। পরে কারা কর্তৃপক্ষ তা আদালতে দাখিল করে।