আমিন হুদার ৭৯ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ী আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হককে ৭৯ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে এ দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আমিন হুদার আইনজীবী মোশাররফ হোসেন রায় কার্যক্রম স্থগিত রেখে পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন জানান। তবে আদালত তা নাকচ করে এ রায় ঘোষণা করেন। গত ১ জুলাই পৃথক দুটি মামলার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর র‌্যাব গুলশান-১-এর ১২৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে আমিন হুদা ও তাঁর সহকারী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে। এ সময় ঘর তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল, ৪৬ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা গুলশানের আরেকটি বাসায় মাদক থাকার কথা বলেন। ওই বাসা থেকে ১৩৮ বোতল মদ এবং পাঁচ কেজি ইয়াবা বড়ি (সংখ্যায় এক লাখ ৩০ হাজার) ছাড়াও ইয়াবা তৈরির উপাদান ও যন্ত্র উদ্ধার করে র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়। এর দুটি মামলায় ২০০৮ সালের ১৬ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। আসামিপক্ষ অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত মামলার কার্যক্রম স্থগিত করেন। গত বছর হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবার বিচারকাজ শুরু হয়। আদালত সূত্রে জানা যায়, দুটি মামলার একটি মামলায় ২৫ জন এবং আরেক মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। অপর মামলার কার্যক্রম হাইকোর্টে আদেশে স্থগিত রয়েছে।