আমিনবাজার পুলিশ ক্যাম্পের ২৩ সদস্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারে পুলিশ ক্যাম্পের চার কর্মকর্তা, দুই নায়েকসহ পুলিশের ২৩ সদস্যকে চাঁদাবাজির অভিযোগে গত সোমবার রাতে ঢাকার পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে তিন কর্মকর্তা, তিন নায়েকসহ পুলিশের ২০ সদস্যকে পাঠানো হয়েছে।এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার মশিউদৌল্লা তদন্ত করছেন।ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, চাঁদাবাজির অভিযোগ ওঠায় গত সোমবার রাতেই ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ইউনুস আহাম্মেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান, ফারুক হোসেন, আশরাফ এবং নায়েক আরমান, তারেকসহ পুলিশের ২৩ সদস্যকে প্রত্যাহার করে ঢাকার পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এর আগে রোববার ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ওয়ালি আশরাফকে অন্যত্র বদলি করা হয়। প্রত্যাহারের কয়েক ঘণ্টার মধ্যেই এসআই খালিদ হোসেন, এসআই বজলুর রহমান, এএসআই মেজবা উদ্দিন, তিন নায়েকসহ পুলিশের ২০ সদস্যকে সেখানে পাঠানো হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও সহকারী পুলিশ সুপার মশিউদৌল্লা গতকাল আমিনবাজারে এসে ব্যবসায়ী ও ভুক্তভোগী লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় ভুক্তভোগী লোকজন সদ্য প্রত্যাহার হওয়া ক্যাম্প সদস্যদের নানা অপকর্মের কথা তুলে ধরেন।কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে মাছ ব্যবসায়ী জনি ও পরিবহনশ্রমিক নুরুল ইসলাম এ প্রতিবেদকের সামনেই তাঁদের কাছ থেকে টাকা ছাড়াই মাছ ও ভয় দেখিয়ে চাঁদা নেওয়ার কথা বলেন। পরে তাঁরা এ বিষয়ে তদন্ত কর্মকর্তাদের কাছে লিখিত বক্তব্য দেন।তদন্ত শেষে অতিরিক্ত পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত প্রতিবেদন দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।আমিনবাজার পুলিশ ক্যাম্পের সদস্যদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে পণ্যসামগ্রী নেওয়ার অভিযোগে গত সোমবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও আমিনবাজার পুলিশ ক্যাম্প ঘেরাও করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। তাঁরা আমিনবাজার থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহারেরও দাবি জানান।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আমিনবাজার পরিদর্শন: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান গতকাল দুপুরে আমিনবাজার পরিদর্শন করেন। এ সময় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা স্থানীয় বাজারের মাছ ও মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বাটখারা ও খাদ্যের গুণগত মান খতিয়ে দেখেন। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় দ্রব্য উৎপাদনের জন্য মালেক সুইটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমিনবাজারে এই অভিযান চালানো হয়েছে। মাংস ও মাছের দোকানে বাটখারার ওজন সঠিক থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।