আমিনবাজারে গণপিটুনি: পুলিশের অবহেলার প্রমাণ মিলেছে
আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। একই সঙ্গে নিহত ছয় ছাত্র ডাকাত নয় বলেও প্রমাণ পাওয়া গেছে। হাইকোর্টের নির্দেশ গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এক মাস ধরে ১১ পুলিশ সদস্য, নিহতদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাসহ ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচার বিভাগীয় তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দেয়। ঢাকা মহানগর মুখ্য হাকিম এ কে এম এনামুল হক এই প্রতিবেদন জমা দেন। সঙ্গে ছিলেন বিচার বিভাগীয় কমিটির প্রধান ঢাকা মহানগর হাকিম উত্পল চৌধুরী। ৩২ পৃষ্ঠার এ প্রতিবেদনের সঙ্গে ২০০ পৃষ্ঠার তদন্ত-সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম সামছুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেদনটি সিলগালা অবস্থায় পেয়েছি। এ বিষয়বস্তু সম্পর্কে এখনো জানা যায়নি। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে প্রতিবেদনটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।’উত্পল চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি ওই এলাকার লোকজনের সঙ্গে কথা বলেছি। নিহতদের পরিবারের সদস্য ও আহত আলামিনের সঙ্গেও কথা বলেছি। হাইকোর্টের নির্দেশনায় প্রতিবেদন তৈরির জন্য এক মাস সময় ছিল। যথাসময়ে তদন্তকাজ শেষ করেছি। প্রতিবেদনে হতাহতদের বিষয়ে বলা আছে। আমার মনে হয়েছে, এ প্রতিবেদনে সার্বিক পরিস্থিতি উঠে এসেছে।’সূত্র জানায়, ঘটনায় সময় আহত আলামিন পুলিশের কাছে সহায়তা চান। কিন্তু পুলিশ সদস্য হারেস ও আনোয়ারের আচরণ পুলিশসুলভ ছিল না। তাঁদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে। গত ১৭ জুলাই গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশি গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। নিহতেরা হলেন—শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত ও মনিব সেতাব। তাঁরা প্রত্যেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ ঘটনায় গত ১০ আগস্ট হাইকোর্টের নির্দেশে এক সদস্যবিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।