আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ছাত্র বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।গণপিটুনিতে নিহত ছাত্ররা হলেন টিপু সুলতান, পলাশ, ইব্রাহীম খলিল, কান্ত, মনিব ও সামাম। আর আহত ছাত্রের নাম আল আমিন। তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে পুলিশ তাঁকে সাভার থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।ঘটনার প্রতিবাদে আজ দুপুরে দারুস সালাম এলাকার বাসিন্দা ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলে গাবতলীর সঙ্গে মিরপুর ও শ্যামলীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সাংসদ আসলামুল হক এলাকায় গিয়ে অবরোধকারীদের সরে যাওয়ার অনুরোধ করেন এবং এই ঘটনার বিচারের আশ্বাস দেন। বেলা পৌনে দুইটার দিকে অবরোধকারীরা সরে যান।বাঙলা কলেজের সামনে স্থানীয় এলাকাবাসী কিছু সময় সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা কয়েকটি গাড়িও ভাঙচুর করে। পরে পরিস্থিতি শান্ত হয়।আহত আল আমিন প্রথম আলোর কাছে দাবি করেছেন, নিহতরা সবাই বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি জানান, টিপু সুলতান তেজগাঁও কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের; পলাশ, ইব্রাহীম ও কান্ত মিরপুর বাঙলা কলেজের আর মনিব ও সামাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাঁরা সবাই রাজধানীর দারুস সালাম ও শ্যামলী এলাকায় থাকতেন। আল আমিন নিজে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং এখন বিভিন্ন দোকানে মালামাল সরবরাহ করেন বলে জানান তিনি।নিহত একজনের স্বজন আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, তাঁর ভাতিজা নামাজ পড়তে বের হয়েছিল। তার কপাল ও মুখে এমনভাবে আঘাত করা হয়েছে, যে চেনা যাচ্ছে না।নিহত আরেক যুবকের মা বলেন, তাঁর ছেলে গতকাল শবে বরাতের নামাজ পড়তে যায়। নয়টার দিকে বের হয়ে সে রাত ১১টায় বাড়ি ফেরে। আবার ১২টার দিকে সে বেরিয়ে যায়। রাতে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ছেলেকে না পাওয়ায় তিনি চিন্তায় পড়েন। পরে সাভার থানার পুলিশ মুঠোফোনে তাঁকে জানায় যে তাঁর ছেলে বিপদে পড়েছে। এই বিপদ বলতে যে থানায় গিয়ে ছেলের লাশ দেখতে হবে, তা তিনি ভাবেননি।সাভার থানা-পুলিশ গ্রামবাসীর বরাত দিয়ে জানায়, গতকাল রোববার রাতে ১৫-২০ জন যুবক একটি ট্রলার নিয়ে বড়দেশি গ্রামের দক্ষিণে জনৈক এনায়েতের বাড়ির পাশে নামেন। টের পেয়ে গ্রামবাসী ডাকাত সন্দেহে তাদের ধাওয়া করে। এ সময় অনেকে পালিয়ে গেলেও গ্রামবাসী স্থানীয় কেবলার চর বালুর মাঠে সাতজনকে ঘেরাও করে ফেলে। একপর্যায়ে তাদের গণপিটুনিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। আর আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার সুতারপাড়া গ্রামের হবি ব্যাপারীর ছেলে।তবে আল আমিন জানান, তিনি নিজে, কান্ত ও পলাশ গতকাল রাতে দারুস সালাম ফুরফুরা শরিফ মসজিদে নামাজ পড়েন। নামাজ শেষে অন্য চারজন এসে তাঁদের সঙ্গে যোগ দেন। তখন তাঁরা গাঁজা সেবন ও মদ পানের পরিকল্পনা করেন। গাঁজা কিনতে তাঁরা রিকশায় করে বড়দেশিতে যান। সেখানে তাঁরা ট্রাকস্ট্যান্ডে বসে কোথায় গাঁজা কিনতে যাবেন, সেই পরিকল্পনা করছিলেন। এ সময় এলাকার লোকজন তাঁদের ধাওয়া করে। তাঁরা নিজেদের ছাত্র পরিচয় দেওয়ার পরও গ্রামবাসী ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন এ ঘটনায় বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১৫-২০ জন গ্রামবাসীকে আসামি করা হয়েছে। আনোয়ার হোসেন জানান, গ্রামবাসী ওই যুবকদের ট্রলারে করে আসার কথা বললেও পুলিশ কোনো ট্রলার দেখতে পায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি রামদা ও দুটি চাপাতি উদ্ধার করেছে।আহত আল আমিনের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলো গ্রামবাসীরা নিয়ে আসে।