আমিনবাজারে ছাত্রদের হত্যায় হাইকোর্টের রুল
আমিনবাজারে ছয়জন ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। ওই ছাত্রদের জীবন রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, আদালত তাও জানতে চেয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, ঢাকার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং আশুলিয়া ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক আইনজীবী তাজুল ইসলাম ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আজ রিট আবেদনটি করেন। আবেদনকারীর পক্ষে আইনজীবী এম বদরুদ্দোজা মামলা পরিচালনা করেন। তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিটে ওই ঘটনায় নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। আগামী বুধবার পরবর্তী আদেশের জন্য বিষয়টি আদালতে আসবে বলে তিনি জানান। গত রোববার গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। বেঁচে যাওয়া আহত এক তরুণের অবস্থাও গুরুতর। নিহতদের তিনজন মিরপুর বাঙলা কলেজের ছাত্র, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপললিফের ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এঁরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান।আহত তরুণ আল-আমিন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় প্রথম আলোকে জানিয়েছিলেন, শবে বরাতের নামাজ শেষে তাঁরা আমিনবাজার ট্রাক টার্মিনালের পেছনের এলাকায় নেশা করতে গিয়েছিলেন। হঠাৎ শত শত লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার দিয়ে তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে তাঁদের ধরে গণপিটুনি দিলে ছয়জন মারা যান।বড়দেশী গ্রামের বাসিন্দারা জানায়, গ্রামের লোকজন জানতে পারে যে তারা ডাকাতি করতে গ্রামে ঢোকে। ক্ষুব্ধ গ্রামবাসী ‘ক্যাবলার চরে’ গিয়ে তাদের পিটিয়ে মারে।