আমিনবাজারে ছয় ছাত্র হত্যা মামলা তদারকি সেলে অন্তর্ভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনবাজারে ১৭ জুলাই গভীর রাতে ছয় ছাত্র হত্যার ঘটনায় পুলিশের করা মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলের ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি পদমর্যাদার পুলিশ সমন্বয়ক ফণীভূষণ চৌধুরী, পুলিশ, সিআইডি, র‌্যাব ও বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় ১২টি মামলা পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে তিনটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে—বসুন্ধরা গ্রুপের টেলিকমিউনিকেশন ও নেটওয়ার্ক ডিরেক্টর হুমায়ুন কবীর ওরফে সাব্বির হত্যা মামলা, সিলেটে আনোয়ারা আবেদীন চৌধুরী হত্যা এবং রমনা জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ইসহাক অপহরণ ও হত্যা মামলা।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মামলার বিচারিক অগ্রগতি তাঁর জানা নেই। তাঁরা শুধু মামলার যথাযথ তদন্ত কার্যক্রম তদারকি করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিপ্লবের দণ্ড মওকুফ-সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি যা করেছেন, তা সাংবিধানিক ক্ষমতাবলে করেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ পর্যন্ত তদারকি সেলে ৩৯৬টি মামলা পর্যালোচনার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৬২টি মামলার তদন্ত শেষ হয়েছে। ৩৪টির তদন্ত চলছে। ১৫৭টির বিচার হয়েছে। এর মধ্যে ১২৫টিতে সাজা হয়েছে আর ৩২টি মামলা থেকে আসামিরা খালাস পেয়েছে।তদারকির পরও আসামিদের খালাস পাওয়া-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রসচিব বলেন, সাক্ষীর অভাবে অনেক সময় মামলা থেকে আসামিরা খালাস পেয়ে যায়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলের ৬৮তম সভা হয়েছিল গত বছরের ৭ ডিসেম্বর।সভায় অন্য যেসব মামলা পর্যালোচনা করা হয় সেগুলো হলো—ইব্রাহীম হত্যা, আদাবরে কম্পিউটার ইঞ্জিনিয়ার রকিব নেওয়াজ শেখর হত্যা, গফরগাঁওয়ে দুলাল ডাক্তার হত্যা, শেরেবাংলা নগরে ইউসুফ আলী অপহরণ ও হত্যা, ফতুল্লায় রাজিবুল ইসলাম হত্যা, হাজারীবাগে সৈয়দা কামরুন্নাহার হত্যা, সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানম হত্যা, সিরাজগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক আবদুল বাকি মির্জা হত্যা এবং ধানমন্ডির কাজী সুহীন নাহার হত্যা মামলা।