ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন এ ঘটনার পর করা ডাকাতি মামলার বাদী আবদুল মালেক ও বাদী পক্ষভুক্ত আবদুল হামিদ। আজ রোববার ঢাকা মহানগর হাকিমের আদালতে তাঁরা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।এ ঘটনায় পুলিশের দায়ের করা একটি হত্যা মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটির তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ১৯ মার্চ রাতে বালু ব্যবসায়ী আবদুল মালেক ও আবদুল হামিদকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের অনুমতি নিয়ে তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁদের আদালতে নিয়ে আবারও চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের প্রথম দিনেই তাঁরা আদালতের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।সিরাজুল ইসলাম বলেন, জবানবন্দিতে আবদুল মালেক ও আবদুল হামিদ বলেছেন, ১৭ জুলাই রাতে তাঁরা দুজনসহ বড়দেশী গ্রামের ২০-২৫ জন ডাকাত সন্দেহে ওই ছয় ছাত্রকে হত্যা করেন। মালেক ও হামিদ ছয় ছাত্রের হত্যাকারী হিসেবে বেশ কয়েকজনের নামও বলেছেন।আবদুল মালেক কেন আগ বাড়িয়ে ডাকাতি না হওয়ার পরও ডাকাতির মামলা করতে গেল। এর কোনো ব্যাখ্যা দিয়েছেন কি না, জানতে চাইলে সিরাজুল বলেন, এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা মালেক দেননি। তিনি শুধু বলেছেন, গ্রামের লোককে বাঁচানোর জন্য মালেক সাভার থানায় গিয়ে ওই ছয় ছাত্রের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আর সাভার থানার তত্কালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো যাচাই না করেই মামলাটি গ্রহণ করেছেন।এদিকে নিহত ছয় ছাত্রের স্বজনেরা বলছেন, সাভার থানার তত্কালীন ওসি মাহাবুবুর রহমান চাপ সৃষ্টি করে ওই ডাকাতির মামলাটি করিয়েছিলেন। ঘটনার পর থানার একাধিক পুলিশ কর্মকর্তা ও স্থানীয় লেকজন নিহতদের স্বজনকে এ তথ্য জানিয়েছেন। নিহত ছাত্র কামরুজ্জামান কান্তর বাবা আবদুল কাদের বলেন, ‘ওসি মাহাবুব কেন আগ বাড়িয়ে ডাকাতির মামলাটি করালেন, তা আমাদের বোধগম্য নয়। এ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য অবশ্যই ওসি মাহাবুবকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা নিহত ছয় ছাত্রের পরিবারের দাবি।’২০১১ সালের ১৭ জুলাই রাতে বড়দেশী গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত ছয়জন হলেন ধানমন্ডির ম্যাপললিফের এ লেভেলের ছাত্র শামস রহিম (১৭), মিরপুর সরকারি বাঙলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২১), একই কলেজের পদার্থবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান (২০) ও উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্র কামরুজ্জামান (১৬), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবীর মুনিব (২০)। ওই ঘটনার পর সাভার থানায় দুটি মামলা হয়। এর মধ্যে নিহত ছয়জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলাটি করেন ওই গ্রামের আবদুল মালেক। মামলায় তিনি অভিযোগ করেন, হতাহত তরুণেরা ওই রাতে (১৭ জুলাই) ক্যাবলার চরে তাঁর বালুর গদিতে গিয়ে পাঁচ হাজার টাকা লুটে নেয়। এরপর পাশের একটি গদিঘরে গেলে তিনি চিত্কার দেন। এ সময় গ্রামের লোকজন এসে তাঁদের আটক করে পিটুনি দিলে ছয়জন মারা যায়। হত্যার ঘটনায় করা মামলার বাদী সাভার থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। ওই হত্যা মামলায় অজ্ঞাতনামা পাঁচ-ছয় শ লোককে আসামি করা হয়। হত্যা মামলার তদন্ত করছে সিআইডি।