আমিনবাজারে হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিটি
সাভারের আমিনবাজারের ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম উত্পল চৌধুরীর সমন্বয়ে এক সদস্যবিশিষ্ট ওই কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক এ-সংক্রান্ত এক দপ্তরাদেশ জারি করেছেন। তদন্তকাজ শেষে কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন হাইকোর্টে প্রতিবেদন দাখিল করবে।এর অগে আমিনবাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে এক সদস্যের বিচারবিভাগীয় কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ঢাকার মুখ্য বিচারিক হাকিমের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছিল।ছয় ছাত্রকে হত্যার ঘটনায় এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জুলাই হাইকোর্ট এ রুল জারি করেন।গত ১৭ জুলাই গভীর রাতে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারের বড়দেশি গ্রামে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে মারা হয়। তাঁরা হলেন শামস রহিম ওরফে শাম্মাম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত ও মনিব সেতাব। নিহতদের তিনজন মিরপুর বাঙলা কলেজের ছাত্র, একজন তেজগাঁও কলেজের, একজন ইংরেজি মাধ্যম স্কুল ম্যাপললিফের ও একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহত হন আল-আমিন।