আমিনবাজারের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে: সুলতানা কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, আমিনবাজারে গণপিটুনিতে ছয়জন ছাত্র নিহত হওয়ার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে। ডাকাত সন্দেহে এই ছয় তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা একটি সভ্য দেশের মানবিক মূল্যবোধকে চরমভাবে পদদলিত করেছে। সুলতানা কামাল বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে সে ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সুলতানা কামাল বলেন, ছয়জনের মৃত্যুর পর তাদের বিরুদ্ধে বাদী হয়ে ডাকাতি মামলা করায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে নির্যাতনমূলক, বেআইনি, নিষ্ঠুর, মানবতার অবমাননাকর আচরণ প্রতিরোধ করার এবং ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতিকার ও দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এতে অপরাধী নিজেকে জবাবদিহির ঊর্ধ্বে রাখার সুযোগ পাচ্ছে। সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এসব ঘটনায় আসকের পক্ষ থেকে তিনি উদ্বেগ জানান। গণতন্ত্রের চর্চা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক ও মানবাধিকার নিশ্চিত রাখতে তিনি সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসকের পরিচালক নূর খান লিটন, উপপরিচালক আবু ওবায়দুর রহমান ও নিনা গোস্বামী, জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবির, তদন্ত কর্মকর্তা তপতী ভট্টাচার্য প্রমুখ।