আমিনির দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ঈদগাহ মাঠে জানাজার পর আজ বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর লালবাগ শাহী মসজিদের সংরক্ষিত কবরস্থানে দাফন করা হয় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে। গতকাল মঙ্গলবার রাতে আকস্মিক হূদরোগে আক্রান্ত হলে আমিনীকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১২টার দিকে মারা যান তিনি। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার রাতেই মরদেহ প্রথমে বাসায় ও পরে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নেওয়া হয়। বিকেলে জানাজার জন্য মরদেহ জাতীয় ঈদগাহ মাঠে আনা হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের বিশিষ্ট আলেমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।বেলা সাড়ে তিনটায় জানাজা অনুষ্ঠিত হয়। কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। এ সময় ঈদগাহ মাঠ ভরে হাইকোর্ট প্রাঙ্গণসহ সামনের সড়কেও হাজার হাজার মানুষ অবস্থান নেন। জানাজা পড়ান লালবাগ মাদ্রাসার শিক্ষক ও মুফতি আমিনীর দীর্ঘদিনের সহকর্মী মাওলানা আবদুল হাই।মরদেহ ঈদগাহে আনার প্রায় এক ঘণ্টা পর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির শাহ আহমাদুল্লাহ আশরাফ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, চরমোনাইয়ের পীর মুফতি ফয়জুল করীমসহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকেরা বক্তব্য দেন। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম জানাজায় অংশ নেন।মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুতে শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ ন্যাপ, মুসলিম লীগ, বাংলাদেশ ইসলামিক পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ মোবাইল ব্যাংকিং মানি ট্রানজেকশন ব্যবসায়ী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জনদুর্ভোগ নির্মূল জাতীয় কমিটি শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছে।