আমিনী ছেলেকে নিয়ে নাটক করছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী তাঁর ছেলেকে নিয়ে একটি নাটক করেছেন। এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। আজ শুক্রবার রাজধানীর দক্ষিণখানে বেসরকারি একটি স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে তিনি এ কথা বলেন।সাহারা খাতুন অভিযোগ করে বলেন, আমিনী ইসলামের মুখোশ পরে মিথ্যাচার করছেন। তাঁদের ব্যাপারে নজরদারি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এর আগে বিএনপি প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন সাহেবের ছেলে পবনকে নিয়ে নাটক করেছিল। এরা এভাবেই নাটক করে সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আমিনীকে উদ্দেশ করে বলেন, ‘উনি যে নাটক শুরু করেছিলেন সেটির আবার নিজেই যবনিকাপাত করেছেন।’ প্রসঙ্গত আমিনী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর ছেলে আবুল হাসনাতকে অপহরণ করা হয়েছিল। তাঁর নির্দেশেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ লালবাগে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আমিনী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।