আমিনী নিজেই ছেলেকে গুম করেছেন, অভিযোগ বন প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী নিজেই তাঁর ছেলেকে গুম করেছেন বলে অভিযোগ তুলেছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আমিনী রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ হাসিল করার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।আজ রোববার সচিবালয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন।প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই আমিনী অভিযোগ করে আসছেন, সরকারের বিশেষ সংস্থা তাঁর ছেলেকে গুম করেছে। প্রতিমন্ত্রী বলেন, আমিনী যে ধরনের চালবাজ ও ধূর্ত, তাতে এমনটা করা তাঁর পক্ষে অসম্ভব কিছু নয়। আমিনী এ ধরনের কাজে অভ্যস্ত বলেও তিনি মন্তব্য করেন। প্রতিমন্ত্রী আমিনীর বিরুদ্ধে দখলবাজির অভিযোগ করে বলেন, লালবাগের যে মাদ্রাসাটি আমিনী তাঁর কার্যালয় হিসেবে ব্যবহার করেন সেটির মালিক তাঁর শ্বশুর হাফেজে হুজুর। কিন্তু আমিনী হাফেজে হুজুরের ছেলেদের ভাগ না দিয়ে তা দখল করে আছেন। প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা নিয়ে আমিনী দেশের জনগণকে বিভ্রান্ত করতে চায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই নীতিমামলায় কোরআন-সুন্নাহবিরোধী কিছু নেই। সরকার কোরআন-সুন্নাহবিরোধী কিছু কখনোই করবে না। তিনি আমিনীর মতো ফাসেকের কাছ থেকে দূরে থাকতে ওলামা সমাজের প্রতি আহ্বান জানান। সরকার তার পরও প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা নিয়ে হাক্কিনী ও আলেমদের সঙ্গে পরামর্শ করে তার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি জানান। আমিনীকে ‘ইবলিস’-এর সঙ্গে তুলনা করে হাছান মাহমুদ বলেন, ‘ইবলিস বিশ্রামে আছে। তিনি (আমিনী) এখন ইবলিসের দায়িত্ব পালন করছেন।’ সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা বাহাদুর শাহ, ওলামা মাশায়েখের প্রধান মুফতি মাওলানা আবদুল হালিম সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।