আমিনীকে হাইকোর্টে তলব, ব্যবস্থা নিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়ায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীকে তলব করেছেন হাইকোর্ট। ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় আমিনীকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। একই সঙ্গে ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে ঢাকার পুলিশ কমিশনারকে (ডিএমপি কমিশনার) নির্দেশ দেওয়া হয়েছে।ফজলুল হক আমিনী ১৪ জুলাই লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংগঠনের এক আলোচনা সভায় সংবিধান নিয়ে বক্তব্য দেন। ওই ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গতকাল রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ও নির্দেশ দেন। রুলে ওই বক্তব্যের পর আমিনীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এ ছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর উল ইসলাম ও শাহরিয়ার কবির নিজেও বক্তব্য দেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ১৪ জুলাই ওই সভায় আমিনী সংশোধিত সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলতে হবে বলে যে বক্তব্য দেন তা রাষ্ট্রদ্রোহিতামূলক। এর মাধ্যমে সংবিধানের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যার মাধ্যমে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করা হয়েছে। আদালত সংবিধানের অভিভাবক। সংবিধান অবজ্ঞা ও অবমাননাকর বক্তব্য কেউ দিলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আদালতের রয়েছে। শাহরিয়ার কবির বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান দেশের সর্বোচ্চ আইন। আমি একজন নাগরিক হিসেবে সংবিধান সম্পর্কে এমন বক্তব্য দেওয়ার কারণে আদালতে এসেছি।’ এম আমীর-উল ইসলাম বলেন, সংবিধানের পবিত্রতা রক্ষা করতে হবে। কোনো বক্তব্যের মাধ্যমে সংবিধানের পবিত্রতা ও মর্যাদাকে আঘাত করা হলে তা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য হবে কি না, তা আদালত বিশ্লেষণ করতে পারেন।