আমিনীর আগাম জামিনের আবেদন খারিজ
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি খোন্দকার মূসা খালেদের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অবিলম্বে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান।এর আগে ১১ আগস্ট আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। এই মামলায় আমিনী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। এক বিচারপতি তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। কনিষ্ঠ বিচারপতি জামিনের আবেদন খারিজ করে অবিলম্বে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি ওই বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠান।আদালত থেকে বেরিয়ে এম কে রহমান সাংবাদিকদের বলেন, জামিন আবেদন তৃতীয় বিচারপতি খারিজ করে দিয়ে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আমিনীর পক্ষের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী অনুপস্থিত থাকায় শুনানির মুলতবি চান। কিন্তু আদালত তা নাকচ করে দেন। শুনানি প্রসঙ্গে এম কে রহমান বলেন, আগাম জামিনের ক্ষেত্রেও জামিন আবেদনকারীকে আদালতে হাজির থাকতে হয়। কিন্তু আবেদনকারী আদালতে হাজির ছিলেন না। এ ছাড়া শুনানি মুলতবির আবেদনও গ্রহণযোগ্য নয়।