ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলে মাওলানা আবুল হাসনাতকে (৩০) সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে।তবে গতকাল রোববার রাত পর্যন্ত র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই মুফতি আমিনীর ছেলেকে আটকের কথা স্বীকার করেননি।মুফতি আমিনী সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করেন, গতকাল সকালে তাঁর ছোট ছেলে হাসনাতকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অপহরণ করেছেন। তিনি জানান, তাঁর ছেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।গতকাল বিকেলে লালবাগ মাদ্রাসায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ফজলুল হক আমিনী। তিনি বলেন, তাঁর ছেলে হাসনাত গতকাল সকালে রাজধানীর ধোলাইখালের টিপু সুলতান রোডে গাড়ি মেরামত করতে যান। বেলা সোয়া ১১টার দিকে সাদা পোশাকের পাঁচ-ছয়জন লোক হাসনাতকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যান।সংবাদ সম্মেলনে হাসনাতের সঙ্গে থাকা দুই বন্ধু হুমায়ুন কবির ও আবু রায়হান খান ঘটনার বর্ণনা দেন। তাঁরা বলেন, একটি গাড়িতে পাঁচ-ছয়জন লোক এসে হাসনাতকে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ সময় তাঁরা নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেন। তাঁদের হাতে ওয়াকিটকি ও অস্ত্র ছিল। ওই লোকগুলো হুমায়ুন ও রায়হানের মুঠোফোনও নিয়ে যান।মুফতি আমিনী বলেন, ‘আজকের মধ্যে আমি আমার ছেলের খোঁজ জানতে চাই। যদি কোনো খোঁজ না পাওয়া যায়, তাহলে একটার পর একটা কর্মসূচি রয়েছে। আর আমার ছেলে কেন, আমার গোটা পরিবারকেও যদি ফাঁসি দেওয়া হয়, নারীনীতির প্রশ্নে আমার অবস্থান থেকে সরব না।’মুফতি আমিনী বলেন, ‘শেখ হাসিনা এখন সম্রাট আকবরের দীন-ই-ইলাহি কায়েম করতে চান। এ জন্য কিছু আলেমকে বোরকা পরিয়ে মাঠে নামিয়েছেন। তবে এঁরা আলেম-ওলামাদের ঐক্যে কোনো ভাঙন ধরাতে পারবেন না। আগামী এক মাসের মধ্যেই প্রধানমন্ত্রী চলমান কর্মসূচির ফলাফল পেয়ে যাবেন। আর আগামীতে একটি ইতিহাসও লেখা হবে।’এদিকে জানতে চাইলে র্যাবের গোয়েন্দা শাখার প্রধান কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে জানান, আমিনীর ছেলেকে আটকের ব্যাপারে র্যাব কিছু জানে না।ঢাকা মহানগর পুলিশ কমিশনারের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলামও জানান, আমিনীর ছেলেকে পুলিশ আটক করেনি।