আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শামীমা পারভীন পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিমুজ্জামান আমিনীকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযোগপত্র দাখিল করেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গত ১৪ জুলাই রাজধানীর লালবাগে মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য এবং গৃহবন্দি করে রাখার হুমকি দেন। ওই সংবাদ সম্মেলনে আমিনী আরও বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ। তিনি বলেন, সংবিধান শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল। পরের দিন লালবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে এ মামলা করেন। এ বিষয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হলে ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা করার অনুমতি দেয়।এর আগে মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এনে গত ২৪ জুলাই আইনজীবী নজরুল ইসলাম সর্দার মামলা করেন। আদালত লালবাগ থানা পুলিশকে আদালত ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুসরণ করে লালবাগ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।