আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সেলিমুজ্জামান মুফতি আমিনীকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শামীমা পারভিন গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।গত ১৪ জুলাই রাজধানীর লালবাগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে মুফতি আমিনী সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য এবং গৃহবন্দী করে রাখার হুমকি দেন। ওই সংবাদ সম্মেলনে মুফতি আমিনী সংবিধানের পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলা-সংক্রান্ত বক্তব্যের জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সংবিধান শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে।’ আমিনীর এ বক্তব্যের জন্য লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে মুফতি আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মুফতি আমিনীর নতুন ফতোয়া: এদিকে গতকাল বৃহস্পতিবার ওলামা মাশায়েখ সম্মেলনে মুফতি আমিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা একই সঙ্গে আল্লাহ ও শয়তানকে খুশি রাখতে চান। তিনি যতই কোরআন ও নামাজ পড়ুন, তাঁর কিছুই হয় না। শেখ হাসিনার ঈমান নেই।’ লালবাগে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কার্যালয়ে সংগঠনটির ঢাকা শাখা এই সম্মেলনের আয়োজন করে।মুফতি আমিনী বলেন, ‘শেখ হাসিনা ও বাদশা আকবরের মধ্যে কোনো পার্থক্য নেই। আকবর সব ধর্মকে একত্র করে চিরদিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলেন। শেখ হাসিনাও তা-ই করছেন।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সম্পর্কে আমিনী বলেন, ‘সুরঞ্জিত বাবু আমার শিরশ্ছেদ করার কথা বলেছেন। আমি বলছি, আমরা ক্ষমতায় গেলে আইনের আওতায় সুরঞ্জিত বাবু অপরাধী হলে তাঁর শিরশ্ছেদ করা হবে। আর যদি না পড়েন তা হলে হবে না।’আমিনী বলেন, ‘আগামী সরকারে আমরা আসতে পারলে এক নম্বর কাজ হবে বর্তমান সরকারের সাংসদ-মন্ত্রীদের বিরুদ্ধে মামলা করা, যাতে জেল আর আদালতে যাওয়া ছাড়া তাঁরা অন্য কোনো কাজ করতে না পারেন।’ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব মুফতি মো. ওয়াক্কাছ বলেন, ‘মা দুর্গা গজে চড়ে দেশে এসেছেন বলে এ বছর ভালো ফলন হয়েছে, কোনো মুসলমান এ কথা বললে তার ঈমান থাকে না। শেখ হাসিনা কুফরি করেছেন। তিনি বলেন, ‘ফতোয়া নিন, আমি দায়িত্ব নিয়ে বলছি শেখ হাসিনার ঈমান নেই।’