আমিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার বক্তব্যে আমিনীর বিরুদ্ধে করা মামলায় ফৌজদারি কার্যবিধি অনুসারে দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।আদালতের ওই নির্দেশনার অগ্রগতি প্রতিবেদন ২৫ আগস্ট আদালতে দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আমিনীর বিরুদ্ধে উত্থাপিত আল-কায়েদা, জঙ্গি ও স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। আমিনী পরিচালিত মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় না বলে রিট আবেদনকারী অভিযোগ করেছেন। আদালত অভিযোগটি খতিয়ে দেখে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করতে আদেশ দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আদালতে সংবিধানের রক্ষক। সংবিধান রক্ষা করার জন্য সব ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে। এ ব্যাপারে কেউ বাধা দিলে তা কঠোর হস্তে দমন করা হবে। প্রসঙ্গত, ফজলুল হক আমিনী গত ১৪ জুলাই লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংগঠনের এক আলোচনা সভায় সংবিধান নিয়ে বক্তব্য দেন। ওই সভায় আমিনী সংশোধিত সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলতে হবে বলে মন্তব্য করেন। ওই ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ জুলাই আদালত প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ও আমিনীকে হাজির হতে নির্দেশ দেন।ওই নির্দেশনা অনুসারে আদালত প্রথমে ২ আগস্ট তাঁকে হাজির হতে বলেন। ওই দিন তিনি আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত আমিনীকে হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা রুলের ওপর ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেন। ১৭ আগস্ট শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন আদালত।শাহরিয়ার কবিরের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও আমিনীর পক্ষে এম বদরুদ্দোজা শুনানিতে অংশ নেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।