আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে গতকাল রোববার রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভায় ১৪ জুলাই আমিনী সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে বলে বক্তব্য দেন। রাষ্ট্রদ্রোহ ও সরকারকে ভয়ভীতি দেখানোর অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নালিশি মামলা করেন আইনজীবী নজরুল ইসলাম সর্দার।মহানগর হাকিম মোসাম্ম ৎ রোকসানা বেগম দুপুর ১২টায় ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৯৬ ধারা অনুসরণ করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। এ ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার ক্ষেত্রে সরকারের অনুমোদন নেওয়ার বিধান রয়েছে। মামলাটি দায়েরের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ায় আদালত এ আদেশ দেন। বাদীর আইনজীবী কাজী নজিবুল্লাহ আদালতকে বলেন, ১৪ জুলাই লালবাগ থানাধীন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কার্যালয়ে এক আলোচনা সভায় মুফতি আমিনী সংবিধান নিয়ে কটূক্তি করে বলেন, ‘শুধু ছুড়ে ফেলা নয়, এই সংবিধান ডাস্টবিনে ফেলা হবে।’ পরের দিন বিভিন্ন পত্রপত্রিকায় এ খবর প্রকাশিত হয়। তিনি আরও বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম থাকার পরও আমিনী ইসলাম গেল, ইসলাম গেল ধুয়া তুলে রাজনীতির ফায়দা লোটার চেষ্টা করছেন। এ ছাড়া তিনি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিচ্ছেন। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। তাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধ আমলে নিয়ে শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়েছে।শুনানিতে আরও অংশ নেন শেখ হেমায়েত হোসেন, জায়েদ হোসেন সর্দার, আনোয়ারুল কবির, ওমর ফারুক প্রমুখ।