আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাদী হয়ে আজ বৃহস্পতিবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। মহানগর হাকিম রোখসানা বেগম হ্যাপী বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ জুলাই মুফতি ফজলুল হক আমিনী ইসলামী আইন বাস্তবায়ন কমিটির লালবাগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য করার হুমকি দেন। এ ছাড়া বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংশোধিত সংবিধান ছুড়ে ফেলার যে বক্তব্য দিয়েছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ফজলুল হক আমিনী বলেন, সংবিধান শুধু ছুড়ে ফেলা নয়, ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে। এ ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।এ বিষয়ে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হলে ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলা করার অনুমতি দেয়।