আমিনীর রুল শুনানি শেষ, রায় কাল
সংবিধান নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের ওপর শুনানি শেষ হয়েছে। কাল বৃহস্পতিবার এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হবে—এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই হাইকোর্ট মুফতি আমিনীকে তলব করেন। এ নির্দেশনা অনুসারে ২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন তিনি। পাশাপাশি আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তবে আদালত মুফতি আমিনীকে হাজিরা থেকে অব্যাহতি না দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা রুলের ওপর আজ ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছিলেন।মুফতি আমিনী গত ১৪ জুলাই লালবাগের জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় আয়োজিত সংগঠনের এক আলোচনা সভায় সংবিধান নিয়ে বক্তব্য দেন। ওই সভায় আমিনী সংশোধিত সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলতে হবে বলে মন্তব্য করেন। ওই ঘটনায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হাইকোর্টে রিট আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০ জুলাই আদালত প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন ও আমিনীকে হাজির হতে নির্দেশ দেন।