আমিনীর সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।একই সঙ্গে সংবিধান নিয়ে কটূক্তির অভিযোগে আমিনীর বিরুদ্ধে করা মামলায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ আগস্ট নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এর বাস্তব অর্থ, আমিনীকে গ্রেপ্তার হতেই হচ্ছে।আমিনীর পরিচালিত মাদ্রাসাগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।গত ১৪ জুলাই ইসলামী ঐক্যজোটের এক আলোচনা সভায় চেয়ারম্যান আমিনী সংশোধিত সংবিধানকে ছুড়ে ডাস্টবিনে ফেলতে হবে বলে মন্তব্য করেন। এতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত প্রাথমিক শুনানি নিয়ে গত ২০ জুলাই রুল জারি করেন ও আমিনীকে তলব করেন। আর রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল রায় দেওয়া হয়। তবে ১৭ আগস্ট রিট আবেদনকারী শাহরিয়ার কবির রুলের শুনানিকালে আমিনীর বিরুদ্ধে জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগ এনেছিলেন। আদালত বলেন, ‘শাহরিয়ার কবির সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরে জঙ্গি-সম্পৃক্ততার ব্যাপারে আমিনীর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন। আমরা তাঁর এ আবেদন গ্রহণ করছি।’পর্যবেক্ষণে আদালত বলেন, ‘সংবিধান রক্ষার দায়িত্ব আদালতের। যেকোনো মূল্যে সংবিধান ও আদালতের মর্যাদা রক্ষা করা হবে।...আদালতের ভাবমূর্তি রক্ষা করতে হবে। কিছু রাজনীতিবিদ ও কিছু সংসদ সদস্য টক শোতে অংশ নিয়ে আদালত ও সংবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। সংবিধান সর্বোচ্চ আইন। সংসদ সদস্যরা সংবিধানের বলেই সংসদ সদস্য হয়েছেন। সংবিধান নিয়ে কটাক্ষ করলে তাঁদের ওই পদে থাকা উচিত নয়।’রায়ে আরও বলা হয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতার কথা বলা আছে। বাকস্বাধীনতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। কিন্তু বাকস্বাধীনতার সীমাবদ্ধতা ও বিধিনিষেধ রয়েছে। এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না, যা সংবিধান ও আদালতকে হেয় করে। সংবিধানেও বাকস্বাধীনতার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ না থাকলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হবে।রায় ঘোষণার সময় আদালত কক্ষে মুফতি আমিনী ছাড়াও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ আদালতে উপস্থিত ছিলেন।রায়ের প্রতিক্রিয়ায় মুফতি আমিনী প্রথম আলোকে বলেন, ‘সরকার গ্রেপ্তার করলে করবে, এসব নিয়ে আমি চিন্তা করি না।’ গ্রেপ্তারের আশঙ্কা করছেন কি না তা জানতে চাইলে আমিনী বলেন, ‘এগুলো চিন্তা করে কি আমি বসে থাকব? আমার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে রায়ের বিরুদ্ধে আপিল করব।’আদালত থেকে বেরিয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, শাহরিয়ার কবির শুনানিতে আমিনীর বিরুদ্ধে জঙ্গি-সম্পৃক্ততার অভিযোগ তোলেন। আদালত আমিনীর বিরুদ্ধে জঙ্গিবাদ ও আল-কায়েদার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।গতকাল আমিনীর বিরুদ্ধে জারি করা রুলের ওপর দুপুর ১২টায় শুরু করে একটায় রায় দেওয়া শেষ করেন আদালত। রায় শুরুর আগে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন রুলের জবাব-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করে বলেন, দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক) ও ৫০৬ ধারা অনুযায়ী আমিনীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত জানতে চান মামলা দায়েরের পর তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না। আলতাফ হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে মামলা করা হয়। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।