আমিনীর সমাবেশ পণ্ড আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনী এ হুমকি দেন। পুলিশি বাধার মুখে গতকালের নির্ধারিত সমাবেশ করতে না পারার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আমিনী। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা জানান, গতকাল বিকেল চারটায় মুক্তাঙ্গনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। কিন্তু সেখানে পুলিশ কাউকে ভিড়তে দেয়নি। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, গাবতলীসহ বিভিন্ন স্থান থেকে কর্মীরা বাসে করে মুক্তাঙ্গনে এলেও পুলিশ ওই বাস থেকে কাউকে নামতে দেয়নি, ফেরত পাঠিয়ে দেয়। পরে প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন কমিটির নেতারা। কিন্তু সেখানেও পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা করে।পুলিশ বলছে, বিশৃঙ্খলা ঠেকাতে মুক্তাঙ্গনে কাউকে সমাবেশ করতে দেওয়া হয়নি। তবে আমিনীর অভিযোগ, তাঁদের ডাকা হরতালের সাফল্য দেখে সরকার কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে। এ জন্যই তাঁদের সমাবেশ করতে দেওয়া হয়নি।আমিনী অভিযোগ করেন, সরকার তাঁদের কর্মীদের ওপর নির্যাতন, কওমি মাদ্রাসাগুলোতে হয়রানি ও নানাভাবে চাপ সৃষ্টি করছে। এসবের মাধ্যমে সরকার মরণ কামড় দিচ্ছে। কিন্তু এত কিছু করেও সরকার বাঁচতে পারবে না। আজ বুধবার মজলিসে শুরার সভা থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে আমিনী বলেন, ‘শেষ পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘটের দিকে যাব। হয়তো সরকার পতন হবে, নয়তো আমাদের জীবন যাবে। দাবি আদায় না হলে সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।’প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আমিনী বলেন, ‘হাসিনা, তুমি ধ্বংস হবে, তোমার মন্ত্রিপরিষদ ধ্বংস হবে, আল্লাহর গজব পড়বে। সতর্ক হও, নতুবা নির্ধারিত সময়ের আগেই আল্লাহ কুদরতিভাবে তোমার পতন ঘটাবে।’ কওমি মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আখড়া বানানোর ষড়যন্ত্র চলছে সরকারের এমন কথার জবাবে তিনি বলেন, ‘মাদ্রাসাগুলো নয়, এ সরকারই জঙ্গিবাদের আখড়া।’ ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের পেছনে বিএনপি জামায়াত ছিল—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে মিথ্যা দাবি করে আমিনী বলেন, ‘তার (সৈয়দ আশরাফ) ওপরে খোদার গজব পড়ুক।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নায়েবে আমির আবদুল লতিফ নেজামী, মুজিবুর রহমান, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ মো. হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।