আমিনুল হত্যা: মোস্তাফিজুরকে ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমানকে ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ মঙ্গলবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ ঘোষণা দেওয়া হয়। তৈরি পোশাকশিল্পের শ্রমিকনেতা আমিনুল ইসলামের দুঃখজনক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান সম্পর্কে তথ্য প্রদানসহ তাঁকে গ্রেপ্তারে সহায়তা করার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। মোস্তাফিজুর রহমানের বাবার নাম মো. শমসের কারিগর, মা আলেয়া বেগম। তাঁর বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামে।বিবরণীতে আরও বলা হয়েছে, ওই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে কাছের থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করলে তথ্য প্রদানকারীকে এই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার সহায়তা কামনা করেছে। উল্লেখ্য, আমিনুল ইসলাম হত্যাকাণ্ডে পেশাদার সোর্স মোস্তাফিজুর রহমানের সংশ্লিষ্টতা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করলেই আমিনুল ইসলাম হত্যার অনেক তথ্য বের হয়ে আসবে বলে জানিয়েছিল ঘটনার কারণ তদন্তে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। ‘আমিনুলের মৃত্যুর বিষয়টি রহস্যজনক ও সংবেদনশীল’ উল্লেখ করে তদন্ত কমিটি নয় পৃষ্ঠার এক প্রতিবেদনে আমিনুলের মৃত্যুর সম্ভাব্য তিনটি কারণ সরাসরি উল্লেখ করেছে। মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের সুপারিশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোস্তাফিজুরের কাছে আমিনুলের মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় তথ্য থাকতে পারে। তাঁকে গ্রেপ্তার করে মুঠোফোনের কল তালিকা পরীক্ষা করলে অনেক ঘটনার তথ্য বেরিয়ে আসবে। আমিনুলের সহকর্মীরা হত্যাকাণ্ডের পর থেকেই বলে আসছিলেন, ‘এই মোস্তাফিজুর ডেকে নিয়ে গিয়েছিলেন আমিনুলকে। তিনি এই হত্যার সঙ্গে জড়িত।’তবে তদন্ত কমিটি প্রতিবেদনে যেসব সম্ভাব্য কারণে আমিনুলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন, তা নাকচ করে দিয়েছেন আমিনুলের সহকর্মীরা।কে এই আমিনুলবাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামের একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা আমিনুল ইসলাম গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায় পুলিশ তাঁর ক্ষতবিক্ষত লাশ পায়। ৭ এপ্রিল পরিবার ছবি দেখে লাশ শনাক্ত করে। কিন্তু ততক্ষণে বেওয়ারিশ হিসেবে টাঙ্গাইল কবরস্থানে লাশ দাফন হয়ে গেছে। ৯ এপ্রিল তাঁর লাশ কবর থেকে তুলে বসতবাড়ির আঙিনায় আবারও দাফন করা হয়। হত্যাকাণ্ডটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। পরে গত বছরের ১৬ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকারকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়।