আমিনুল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাইলেন হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়াটা অপরিহার্য। তা না হলে এ ঘটনা বাংলাদেশ সম্পর্কে মার্কিন ক্রেতাদের কাছে ভুল বার্তা দেবে।গতকাল রোববার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকায় (আইএসডি) তরুণ সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে হিলারি ক্লিনটন এ মন্তব্য করেন। তৈরি পোশাকশ্রমিকদের সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন ৫ এপ্রিল টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায় তাঁর ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ। আমিনুলের পরিবারের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমিনুলকে ধরে নিয়ে গিয়েছিল।গতকাল আইএসডির মিলনায়তনে মতবিনিময়ের শুরুতে হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তিনি সম্প্রতি খুন হওয়া শ্রমিক নেতা আমিনুলের প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘ওই হত্যার যথাযথ তদন্তের মাধ্যমে দায়ী লোকজনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। দায়ী ব্যক্তি যতই ক্ষমতাবান হোক, তাদের বিচার করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা অপরিহার্য।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকসংগঠনের কর্মীদের হত্যা করা হচ্ছে কিংবা কাজের পরিবেশের দুর্বলতার সুযোগ নিচ্ছে লোকজন। বাংলাদেশের এমন ভাবমূর্তি তৈরি হওয়া ঠিক হবে না। কাজেই আইনের শাসন নিশ্চিত করতে হবে, বন্ধ করতে হবে বিচারহীনতার সংস্কৃতি।আমিনুলের সহকর্মী ও শ্রমিকসংগঠন বিজিআইএফ সাধারণ সম্পাদক আলেয়া আকতার হত্যার তদন্ত ও তৈরি পোশাকশিল্পে তাদের সংকট সম্পর্কে কথা বলেন। এরপর হিলারি বলেন, ‘আমি বিষয়টি (আমিনুল হত্যা) বেশ জোর দিয়েই বলেছি যে ওই হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ, তাঁর জীবনে এ পরিণতি কীভাবে ঘটেছে, সেটি তাঁর পরিবারের সদস্য ও তাঁর সদস্যদের জানানো উচিত। বিশেষ করে এ হত্যাকাণ্ডের বিষয়টির সুরাহা করাটা সরকার ও সমাজের দায়িত্ব। কারণ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করাটা আইনের শাসন প্রতিষ্ঠার অপরিহার্য অঙ্গ। পাশাপাশি শ্রমিকেরা তাঁদের কাজের জন্য সম্মানজনক মজুরি পাচ্ছেন কি না, তাঁদের কর্মপরিবেশ উন্নত হচ্ছে কি না, এ বিষয়গুলোতে নজর দিতে হবে।’