আমিনুল হত্যার সুষ্ঠু তদন্ত চান মার্কিন কংগ্রেস সদস্য
শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য স্যান্ডার মার্টিন ল্যাভিন। গতকাল শুক্রবার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে বৈঠকে মার্কিন কংগ্রেস সদস্য এ আশাবাদ ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে স্যান্ডার মার্টিন ল্যাভিন আশাবাদ ব্যক্ত করে বলেন, তাজরীন ফ্যাশনসের বিয়োগান্ত অগ্নিকাণ্ডের ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থাকে ঢেলে সাজাবে। কারণ, একটি নেতিবাচক ঘটনা বিশ্বজুড়ে সব ক্রেতা ও শ্রমিক-অধিকারের সঙ্গে যুক্ত লোকজনের কাছে ভুল বার্তা দেবে। তাঁর মতে, কর্মপরিবেশের শর্ত পূরণে যেসব দেশ সফল হয়েছে এর পাশাপাশি এ ধরনের কারখানার পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করতে পারে। আকরামুল কাদের বলেন, তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মূল রপ্তানিপণ্য হলেও মার্কিন বিশেষায়িত শুল্ক সুবিধা পায় না। ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে হলে এ সুবিধা সুরক্ষা করা অপরিহার্য। সরকার বিভিন্ন কারখানার কর্মপরিবেশের উন্নতি এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে রাষ্ট্রদূত কংগ্রেস সদস্যকে অবহিত করেন।