আমিনুলের চোখে
নামার সময়সত্যি বলতে, যখন মাঠে নামি, আমার টার্গেট ছিল ৩০-৪০ রান। মনে হচ্ছিল, যদি তা করতে পারি তাহলে এ যাত্রা টিকে যাব। যদি ৫০ হয় তো খুবই ভালো। এই ছিল আমার সে সময়কার মানসিকতা। আর পরিস্থিতিটাই ছিল তখন সে রকম। শুরুতে পরিকল্পনাযত পারি বল ছেড়ে দেব। তখন একদিক থেকে বল করছিল যোশি, অন্যদিকে আগারকার। শুরু থেকেই ঠিক করে নিয়েছিলাম, যত পারি বল ছেড়ে খেলব। যখন মনে হলো এটা বড় কিছুর দিনসে রকম করে আমার কখনো মনে হয়নি, এটা বড় কোনো উপলক্ষ হতে যাচ্ছে। আসলে আমি রান-টান না ভেবে ২০ মিনিট ২০ মিনিট করে এগোতে চাইছিলাম। সম্ভবত লাঞ্চের ঠিক পরেই আগারকারকে দুটো চার মেরেছিলাম পর পর দুই বলে, একটা স্কয়ার কাট, পরেরটা পুল। তখনই যেন মনে হলো আমার বড় কিছু করা উচিত, এ রকম উইকেটে আমার অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। ইনিংসের সেরা শট নতুন বল নেওয়ার পরই শ্রীনাথকে কভার ড্রাইভ করে একটি চার মেরেছিলাম, তার ঠিক পরের ওভারেই চার মেরেছি জহির খানের বলে পুল করে। এ দুটো আর যোশিকে এক্সট্রা কভারের ওপর দিয়ে মেরে যে চারটির মাধ্যমে ফিফটি পূর্ণ করেছিলাম—এ তিনটি শটই আমাকে বেশ আনন্দ দিয়েছে। এ ছাড়া বলতে হয় সেই শটটির কথা, যেটির কথা আমি যেমন ভুলব না, তেমনি দেশবাসীও ভুলবে না কোনো দিন—ব্যাকফুটে গিয়ে আনঅর্থোডক্স একটা শট, সেঞ্চুরি পুরো হলো যে সুইপ শটটিতে! আসলে সেটি ছিল অন ড্রাইভের বল, কিন্তু প্রেশারের কারণে আমি সুইপ খেলে ফেলি। যত কভার ড্রাইভই করি না কেন, যত যা-ই খেলি, এই শটটির বিশেষত্বই আলাদা। সেঞ্চুরির কাছাকাছি সময়টার অনুভূতি সত্যি বলতে, দেশের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরির কৃতিত্বের ব্যাপারটা একদমই মাথায় ছিল না আমার। মনে পড়ে, যোশিকে স্কয়ার কাটে বাউন্ডারি মেরে সম্ভবত ৯৬ কি ৯৮-তে পৌঁছেছিলাম। অন্য প্রান্তে যখন গেলাম, তখন মনে হলো প্রাভিন আমরে, গর্ডন গ্রিনিজ, জাভেদ মিয়াঁদাদদের কথা। এঁরা সবাই নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তখনই আমার মনে হলো, আমি কেন পারব না! সেঞ্চুরি হয়ে যাওয়ার পর রাহুল দ্রাবিড় এসে অভিনন্দন জানিয়ে বলল আমি নাকি দারুণ একটি কাজ করে ফেলেছি, দেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার বিরল কৃতিত্বের অধিকারী হয়েছি আমি। তখনই ব্যাপারটা মাথায় ঢুকল। সেই অবিস্মরণীয় মুহূর্ত আমি যে সিঁড়ি দিয়ে ব্যাট করতে নেমেছিলাম, সেটি ভরে গিয়েছিল আমার সতীর্থদের ভিড়ে। সেঞ্চুরি পূর্ণ করা সিঙ্গেলটি নেওয়ার আগে তাকিয়ে দেখি এডি বারলো, দুর্জয়, আকরাম, মনি ভাই সিঁড়িতে তৈরি হয়ে আছে হাততালি দেওয়ার জন্য, কেলি তার ছোট্ট ভিডিও ক্যামেরা দিয়ে ছবি তুলছে—এখনো মনে হলেই কেমন যেন লাগে। বাদ দিলাম গ্যালারি কিংবা টিভি দর্শকদের কথা। ওই সিঁড়িটায় সবাই আমাকে অভিনন্দন জানাতে প্রস্তুত হয়ে আছে, ঠিক ভাষায় বোঝানো যাবে না কেমন লাগছিল তখন। যখন ফিরে তাকান ওটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার চেয়ে বেশি কিছু। অভিষেক টেস্টে স্মরণীয় কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু সত্যি বলতে তা বড়জোর একটা ফিফটি, তারও বেশি হলে ৬০-৬৫। কিন্তু সেঞ্চুরি করব—এটা স্বপ্নেও ভাবিনি।