আমিনুলের মৃত্যুতে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, তদন্ত দাবি
পোশাক শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা, ইউরোপ ও কানাডায় বাংলাদেশি পোশাকের ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর মালিকদের ১১টি সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে তারা এই হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে যথাযথ তদন্তের অনুরোধ জানিয়েছে।আমেরিকা, ইউরোপ ও কানাডার এই ১১টি সংগঠনই অত্যন্ত প্রভাবশালী। সংশ্লিষ্ট দেশের শত শত ক্রেতাপ্রতিষ্ঠান এ সংগঠনগুলোর সদস্য। ১৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন, বাণিজ্যসচিব গোলাম হোসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, নিট পোশাক মালিক সমিতি বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ গফুর এবং ইউএস বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের (ইউএসবিএসি) চেয়ারম্যান সাব্বির আহমেদ চৌধুরীকে।জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমিনুল ইসলামের লাশ প্রথমে বেওয়ারিশ হিসেবে পাওয়া গিয়েছিল। পরে তাঁর ভাই লাশ শনাক্ত করেন। কী কারণে তাঁকে হত্যা করা হলো, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করছে।’ তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, শ্রমিকদের মধ্যকার কোনো ঘটনা বা দ্বন্দ্বে তাঁকে হত্যা করা হয়নি। আর হত্যা-গুম এগুলো কারা করছে, কেন করছে—সেটি একটি প্রশ্ন। দেশকে অশান্ত করতেই এমনটি করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখার বিষয়। তবে আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি।’চিঠিতে বলা হয়েছে, এ মৃত্যুর সঙ্গে পারিপার্শ্বিক পরিস্থিতির একটি যোগসূত্র থাকতে পারে। বাংলাদেশের পোশাকশিল্পে অসন্তোষজনক কাজের পরিবেশ উন্নয়নে সচেতনতা তৈরির চেষ্টাকে দমিয়ে রাখার অংশ হিসেবেই এমনটি ঘটে থাকতে পারে বলে সংগঠনগুলো মনে করছে। চিঠিতে বলা হয়, সারা বিশ্বের ভোক্তাদের পক্ষ থেকে উৎপাদন-ক্ষেত্রের নৈতিকতা দেখতে সংগঠনগুলো প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারেশনের (বিসিডব্লিউএস) সংগঠক আমিনুল ইসলামের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্তের পাশাপাশি বাংলাদেশের শিল্পকারখানার পরিবেশ উন্নয়নেরও তাগিদ দিয়েছে সংগঠনগুলো। কাজের পরিবেশ উন্নত করার প্রয়াসে আইনসংগতভাবে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান আইন জোরদার এবং অনুসরণেরও আহ্বান জানানো হয়। বলা হয়েছে, অন্যায়ভাবে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও যেকোনো পরিস্থিতিতে নির্যাতন অগ্রহণযোগ্য।চিঠিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা, স্থানীয় শ্রমিক সংঘ, সুশীল সমাজ ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সহযোগিতায় তৈরি পোশাকশিল্প খাতের কর্ম-পরিবেশ উন্নত করতে সরকারের প্রতিশ্রুতির পরিধি বাড়ানোর অনুরোধ করা হয়েছে।চিঠিটি যৌথভাবে পাঠিয়েছে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ), বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ (বিএসসিআই-ইইউ), ফরেন ট্রেড অ্যাসোসিয়েশন (এফটিএ-ইইউ), ইন্টারন্যাশনাল লাইসেন্সিং ইন্ডাস্ট্রি মার্চেন্ডাইজারস অ্যাসোসিয়েশন (এলআইএমএ-ইউএস), ন্যাশনাল রিটেল ফেডারেশন (এনআইএফ-ইউএস), নরডিক ইনিশিয়েটিভ ক্লিন অ্যান্ড এথিক্যাল (এনআইসিই), নরওয়েজিয়ান ফ্যাশন ইনস্টিটিউট রিটেল কাউন্সিল অব কানাডা (আরসিসি), রিটেল ইন্ডাস্ট্রি লিডারস অ্যাসোসিয়েশন (আরআইএলএ-ইউএস), সোশ্যাল অ্যাকাউন্ট্যাবিলেটি ইন্টারন্যাশনাল (এসএআই) ও ইউনাইটেড স্টেটস অ্যাসোসিয়েশন অব ইমপোর্টার্স অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ইউএসএ-আইটিএ)।এএএফএ হচ্ছে এই চিঠির প্রধান স্বাক্ষরদাতা। এএএফএ যুক্তরাষ্ট্রে খুবই প্রভাবশালী সংগঠন। ওয়ালমার্ট থেকে শুরু করে গলির ছোট্ট দোকানও এদের সদস্য। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন প্রশাসনের ওপর এএএফএর নানা মাত্রিক প্রভাব রয়েছে। শ্রম ইস্যুতে সাধারণভাবে আন্তর্জাতিক শ্রম সংগঠনগুলো প্রতিক্রিয়া জানিয়ে থাকে। কিন্তু এএএফএর মতো মালিকদের বড়সড় সব সংগঠনের এমন উদ্বেগ বেশ ব্যতিক্রমী।এরই মধ্যে আমেরিকা ও ইউরোপের গণমাধ্যমে আমিনুল ইসলামের হত্যাকাণ্ডের খবর প্রচার হয়েছে। নিউইয়র্ক টাইমস-এ এই খবর বড় করেই ছাপা হয়েছে। তাই এ ঘটনা বাংলাদেশের রপ্তানি-বাজারের ক্রেতাদের মধ্যেও আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।তবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলছেন, এ মৃত্যুর সঙ্গে বাংলাদেশের রপ্তানি-বাজারকে সম্পর্কিত করে দেখার কোনো কারণ নেই। এতে ক্রেতাদের বাংলাদেশ থেকে পণ্য না নেওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না বলেই মনে করেন তিনি। সফিউল ইসলাম বলেন, তবে যেকোনো অস্বাভাবিক মৃত্যুর কারণ উদ্ঘাটন হওয়া উচিত এবং তা নিরপেক্ষভাবেই হতে হবে। আমিনুল ইসলামের মৃত্যু কী কারণে ঘটেছে, তা খুঁজে বের করার দায়িত্বও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের।