আমির ও জুয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জ থেকে শিশু পরাগকে অপহরণের প্রধান হোতা আমির হোসেন ও জুয়েলকে গ্রেপ্তারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক, ঢাকার পুলিশ কমিশনারসহ নয় বিবাদীকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ নভেম্বর পরাগ মণ্ডলের পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশের পাশাপাশি হাইকোর্ট রুল জারি করেছিলেন। সাপ্তাহিক ‘সপ্তবর্ণ’ পত্রিকার সম্পাদক নাজিম আহমেদ আবেদনটি করেন।আজ সকালে আবেদনকারীর আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ আদালতে ওই অপহরণের মূল দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে এক সম্পূরক আবেদন করেন। আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। ১১ নভেম্বর কেরানীগঞ্জে নিজেদের বাড়ির গলির মুখ থেকে বোন, মা আর গাড়িচালককে গুলি করে ছয় বছরের পরাগকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। অপহরণকারীদের কাছ থেকে তিন দিন পর ছাড়া পেয়ে ১০ দিন হাসপাতালে ছিল পরাগ। গতকাল বাড়ি ফিরলে সোনা-রুপার পানি ও দুধ দিয়ে গোসল করিয়ে আদরের নাতিকে ঘরে তোলেন দাদি।