আমির খানের লুকোচুরি!
ঐশ্বরিয়া রাই বচ্চনের কন্যাসন্তান নিয়ে যতটা না আলোচনা ছিল ঠিক বিপরীত চিত্রটা লক্ষ্য করা গেছে বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সন্তান নিয়ে। বলা যায়, পুত্রসন্তানের বিষয়টি নিয়ে অনেকটা লুকোচুরি খেললেন তিনি। ১ ডিসেম্বর ছেলের বাবা হন তিনি। অবাক করা ব্যাপার হচ্ছে, আমির খানের স্ত্রী কিরণ রাও যে অন্তঃসত্ত্বা, এ খবরটা কাউকে জানতে দেওয়া হয়নি। এমনকি দুজনের কাছের বন্ধু-বান্ধবদের কেউই টের পাননি।জানা গেছে, আমির খানের স্ত্রী কিরণ রাও আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা ‘টেস্টটিউব বেবি’ প্রযুক্তি ব্যবহার করে মা হয়েছেন। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে আমিরের তৃতীয় সন্তান। টেস্টটিউব বেবি প্রযুক্তির দ্বারস্থ হতে হলো এই দম্পতিকে? ২০০৯ সালে আমির তাঁর ব্লগে জানিয়েছিলেন, অকাল গর্ভপাতের কারণে গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন কিরণ। আর তাই এ ব্যবস্থা। আমিরের প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্তের সংসারে জুনায়েদ এবং ইরা নামে দুটি সন্তান রয়েছে। এদিকে, আগামী বছরেই মুক্তি পাচ্ছে আমির খানের নতুন ছবি ‘তালাশ’। ছবিতে আমিরের সহশিল্পী হলেন রানী মুখার্জি ও কারিনা কাপুর। টিএনএন।