আমির হোসেন খান আর নেই
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আইয়ুববিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রণী সৈনিক মো. আমীর হোসেন খান মারা গেছেন। (ইন্না লিল্লাহে ...রাজিউন)। আজ রোববার বেলা আড়াইটায় নিজ বাড়ি মাদারীপুর জেলার শিবচরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।আগামীকাল সোমবার শিবচরের হাতিরবাগান মাঠে ঈদের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।বর্ণাঢ্য জীবনের অধিকারী আমির হোসেন খান ১৯১২ সালে মাদারীপুরের শিবচর উপজেলার শিবরায়েরকান্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলবি মো. রুস্তম খান। মাতার নাম সাজেদুন্নেছা। তিনি চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ঝাঁপিয়ে পড়েন। সারা পূর্ব বাংলায় ঘুরে ঘুরে তিনি তাঁর আদর্শ আর ব্রিটিশ বিরোধী প্রচারণা চালাতেন। ১৯৪০ সালে মুসলিম লীগের পক্ষে কাজ শুরু করেন। ১৯৪২ সালে তাঁকে ধরতে ব্রিটিশ সরকার হুলিয়া জারি করে এবং এ জন্য ৫০০ টাকা পুরস্কারও ঘোষণা করে। ১৯৪৭ সালে দেশ ভাগ হলে তিনি মুসলিম লীগ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগে যোগ দেন। এরপর গ্রামে যুক্ত ফ্রন্ট ও পরে আওয়ামী লীগের যত আন্দোলন হয়েছে সব জাতীয় আন্দোলনেই তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাঠ পর্যায়ে সংগঠক হিসাবে তিনি বঙ্গবন্ধুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, ফলে বিশ্বস্ত সঙ্গী হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন ১৯৭৫ সাল পর্যন্ত।