আমিরকে কটূক্তি করায় কারাদণ্ড
কুয়েতের আমিরকে টুইটারে কটূক্তি করায় বিরোধীদলীয় এক যুবককে আজ রোববার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের বরাত দিয়ে ‘গালফ নিউজ’ এ তথ্য জানিয়েছে। কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটস নামের একটি মানবাধিকার গোষ্ঠীর পরিচালক মোহাম্মদ আল হুমাইদি (Mohammad al-Humaidi) জানিয়েছেন, আমিরকে টুইটারে কটূক্তি করার দায়ে মোহাম্মদ ইদ আল আজমি (Mohammad Eid al-Ajmi) নামের এক বিরোধীদলীয় যুবককে সর্বোচ্চ দণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে এ দণ্ড কার্যকর হয়েছে। তবে দণ্ডিত যুবক রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। গত মাসে একই আদালত একই ধরনের অভিযোগে বিরোধী দলের অপর দুই যুবককে দুই বছরের কারাদণ্ড দেন। গত বছরের ১০ অক্টোবর একটি সমাবেশে কুয়েতের আমিরের সমালোচনা করার অভিযোগে একটি মামলায় বিরোধী দলের সাবেক তিন এমপির বিরুদ্ধে একই আদালত আগামী মঙ্গলবার রায় দেবেন। কুয়েতে আমিরের সমালোচনা বেআইনি এবং রাষ্ট্রবিরোধী অপরাধ। কুয়েতের এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।