আমিরকে সালমানের অনুকরণ
বলিউড পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ভক্তদের মন জয় করেছেন বহু আগেই। শুধু তা-ই নয়, ভক্তরা তাঁকে অনুকরণ কিংবা অনুসরণ করে এখন পর্যন্ত অনেক কিছুই করেছে। এবার ভক্তদের পাশাপাশি আমিরকে অনুকরণ করছেন তাঁরই বন্ধু বলিউডের পেশিবহুল অভিনেতা সালমান খান। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, আমির খান তাঁর অভিনীত কিংবা পরিচালিত ছবিগুলোতে মূল গল্পের সঙ্গে নিজের বিভিন্ন ভাবনা যোগ করেন। তাঁর ভাবনার সঙ্গে ছবি সংশ্লিষ্টদের ভাবনায় সেই ছবিটি তখন অন্য একটা মাত্রা লাভ করে। ঠিক সেই কাজটি নাকি এখন শুরু করেছেন সালমান খান। সম্প্রতি সালমান খান ‘এক থা টাইগার’ চলচ্চিত্রের শুটিং করছিলেন। তখনই নতুন একটি লিরিকের সন্ধান পান। আর সেই মুহূর্তে লিরিকটি নিয়ে নতুন এক ভাবনা তাঁর মাথায় আসে। এ জন্য অবশ্য শুটিং একদিন দেরিও হয়। তারপর সালমান লিরিকটিকে চলচ্চিত্রের উপযোগী করে তৈরি করেন। সূত্র জানায়, সালমানের ভাবনা যোগ করার পর পুরো গানটি চলচ্চিত্রে অন্য রকম আবহ তৈরি করে।