আমিরের জন্য আবারও পেছাল ‘ধুম ৩’
বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। আমির খান কি ‘ধুম ৩’ ছবিতে অভিনয় করবেন? নাকি প্রথমে রাজু হিরানির নতুন ছবিতে। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ‘থ্রি ইডিয়টস’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী বলিউডের নির্মাতা রাজু হিরানির নাম চূড়ান্ত না হওয়া ছবিতেই আগে অভিনয় করছেন আমির। আর যেহেতু ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেন না, তার মানে নিশ্চিত করেই বলা যায় আবারও পিছিয়ে গেল ‘ধুম ৩’ ছবির শুটিং। ২০১১ সালের শেষদিকে ‘ধুম ৩’ ছবির শুটিং শুরু হবে বলেই ঘোষণা দিয়েছিল যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ। ২০১২ সালের ক্রিসমাসে ছবিটি মুক্তি পাবে বলে জানানোও হয়েছিল। কিন্তু পরে ২০১৩ সালে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ২০১২ সালের জানুয়ারিতেই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ছবির অন্যতম প্রধান চরিত্র আমির খানের ‘তালাশ’ ছবি মুক্তি পাচ্ছে চলতি বছরের নভেম্বরে। এ কারণে ‘ধুম ৩’-এর শুটিং শিডিউল পিছিয়ে জুনে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমির এবার রাজু হিরানির নতুন ছবিতে আগে অভিনয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করায় আবারও পিছিয়ে গেল ‘ধুম ৩’-এর শুটিং। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে টিএনএন জানিয়েছে, ‘রাজুর নতুন ছবিতে অভিনয়ের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না আমির। তিনি সময় না দিলে রণবীর কাপুরকে নিয়ে ছবিটির শুটিং শুরু করে দেবেন বলেই জানিয়েছেন রাজু। আর তাই রাজুর ছবিতেই আগে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির। এ ছবির কাজ শেষ হলেই ‘ধুম ৩’ ছবির শুটিং শুরু করবেন তিনি। এর অর্থ আবারও ফেঁসে গেলেন আদিত্য চোপড়া। স্বপ্নের ছবিটি তৈরির জন্য এখন আমিরের জন্য অপেক্ষা করা ছাড়া তাঁর আর কোনো পথ খোলা নেই।’ উল্লেখ্য, ‘ধুম ৩’- এর পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, উদয় চোপড়া প্রমুখ। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম।