আমিরের জন্য সালমানের তদবির!
বলিউডের প্রভাবশালী দুই খান আমির-সালমান সখ্যের বিষয়টি নতুন নয়। সম্প্রতি সে বন্ধুত্বের আরেক নজির দেখালেন সালমান খান। ‘বডিগার্ড’ ছবির পরিচালক সিদ্দিকের পরবর্তী ছবিতে আমিরকে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।‘বডিগার্ড’ ছবির সাফল্যের পর আবারও সালমানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন সিদ্দিক। নতুন ছবির চিত্রনাট্য নিয়ে সালমানের সঙ্গে তিনি আলোচনাতেও বসেছিলেন। কিন্তু চিত্রনাট্য পড়ার পর সালমানের মনে হয়েছে, ছবির চরিত্রটি আসলে আমিরের জন্যই বেশি মানানসই। আর এ কারণে তাঁর পরিবর্তে আমিরকে ছবিটিতে নেওয়ার অনুরোধ করেছেন তিনি। প্রয়োজনে আমিরকে রাজি করানোর জন্য কথা বলবেন বলেও সিদ্দিককে জানিয়েছেন তিনি।এদিকে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে মিড ডে জানিয়েছে, ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং ২’ ছবির কাজ হাতে থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও সিদ্দিকের ছবিতে অভিনয়ে সম্মতি দিতে পারেননি সালমান। এ ছাড়া বিষয়বস্তু এবং চরিত্র সম্পর্কে জানার পর আমিরকেই এই ছবির জন্য বেশি উপযুক্ত মনে করছেন তিনি। আর এসব কারণেই আমিরকে ছবিটিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছেন।’এ প্রসঙ্গে সিদ্দিক বলেছেন, ‘কেবল ছবিটির কাজ হাতে নিয়েছি, তাই এখনই বলতে পারছি না; কারা এই ছবিতে অভিনয় করবেন। রোমান্টিক-অ্যাকশনধর্মী এই ছবিতে কমেডি এবং থ্রিলার ছবির স্বাদও পাবেন দর্শকেরা। আমার পক্ষে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’