আমীন আহম্মদ চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী বীর বিক্রম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।আমীন আহম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমীন আহম্মদ রাতে নিজের কক্ষে লেখালেখির কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে টেবিলের ওপর অচেতন অবস্থায় দেখেন। তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।’গতকাল রাতে আমীন আহম্মদের মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তাঁর দাফনের বিষয়ে আজ সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আমীন আহম্মদ চৌধুরীর মৃত্যুর খবর শুনে রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ইউনাইটেড হাসপাতালে ছুটে যান।মুক্তিযোদ্ধা আমীন আহম্মদ চৌধুরী বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সামরিক নীতি ও কৌশল নিয়ে তিনি প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন।