আমুয়া বন্দর রক্ষা বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসম্মতভাবে নির্মিত না হওয়ায় বছর যেতে না যেতেই ঝালকাঠির আমুয়া বন্দর রক্ষা বাঁধের ব্লকে ধস নামতে শুরু করেছে। বিষখালী নদীর মোহনা ও তিনটি খালের সংযোগ স্থলের আমুয়া বন্দরের ব্যবসায়ীরা ব্লকে ধস নামায় আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড় সিডরে আমুয়া বন্দরের বিপর্যস্ত ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়ালেও বন্দর রক্ষা বাঁধের ব্লকে ধস নামার কারণে নতুন করে বন্দরবাসীরা বিপর্যয়ের আশঙ্কা করছেন।সরেজমিনে দেখা গেছে, বিষখালী নদীর প্রবল স্রোত আমুয়া বন্দরকে সরাসরি আঘাত করে চলেছে। স্রোতের আঘাতে বন্দরের উত্তর দিকের লঞ্চঘাট এলাকার ব্লক ক্রমশ সরে যাচ্ছে। এ ছাড়া লঞ্চঘাটের পশ্চিম পাশে প্রায় ২০ মিটার এলাকায় ব্যাপক ভাঙনের কবলে পড়েছে। বন্দরটি রক্ষায় কেবল আংশিক স্থানে ব্লক রয়েছে। পুরো বন্দর রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এখনো অন্তত ১০০ মিটার এলাকা ব্লকের বাইরে রয়েছে। ব্লক না থাকায় বন্দরের দক্ষিণ ও লঞ্চঘাট এলাকার পশ্চিম পাশজুড়ে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া লঞ্চঘাট এলাকার দুই পাশে অন্তত ২৫ মিটার এলাকার ব্লক ক্রমশ ধসে যাচ্ছে। আমুয়া বন্দর রক্ষা বাঁধটি অনেকটা খাড়াভাবে তৈরি করা হয়েছে। এ খাড়া বাঁধে ব্লক স্থাপনের কারিগরি বিষয়টি যথাযথভাবে মানা হয়নি বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন। বিষখালী নদীর মোহনার স্রোত ও তিনটি শাখা খালের স্রোত সরাসরি আমুয়া বন্দরকে প্রতিনিয়ত আঘাত করে চলেছে। ফলে খাড়া বাঁধের ব্লক সরে যাচ্ছে। একদিকে বন্দর রক্ষা বাঁধে ভাঙন, অন্যদিকে ব্লকে ধস নামার কারণে পুরো বন্দরটি এখন হুমকির মুখে পড়েছে।ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী আউয়াল হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমুয়া বন্দর রক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় আমুয়া বন্দরটি নদীভাঙনে বিলীনের পথে। আমুয়া বন্দর রক্ষায় এযাবৎ যা কিছু করা হয়েছে, তা সবই দায়সারা প্রকল্প।’মুকুল গোলদার বলেন, ‘ব্লক অইছে এক পাশে, হেয়াও (তাও) ভাঙতে আছে। এহন আবার পানি উঠতে শুরু করছে।’ বন্দরবাসী ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিষখালীর ভাঙনের কবল থেকে ঝালকাঠির অন্যতম ব্যবসাকেন্দ্র আমুয়া বন্দর রক্ষার জন্য ১৯৯৬ সালে তৎকালীন সরকার পাঁচ কোটি টাকা ব্যয়ে আমুয়া বন্দর রক্ষা বাঁধ প্রকল্প গ্রহণ করে। ওই সময় তড়িঘড়ি করে বাঁধে ব্লক স্থাপনের কাজ আংশিক সম্পন্ন করা হয়। ২০০১ সালে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। ২০০৫ সালে স্থগিত হওয়া কাজ আবার দায়সারাভাবে শুরু হলেও শেষ হওয়ার আগেই ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বন্দরটি ক্ষতবিক্ষত হয়ে যায়। ফলে বাঁধের কাজ আবারও স্থগিত হয়ে যায়। ১/১১ এর পটপরিবর্তনের পর বন্দর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাঁধে ব্লক বসানোর ব্যাপারে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনা বাহিনীর তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সংশ্লিষ্ট ঠিকাদারকে বাঁধের ত্রুটি মেরামতের নির্দেশ দেওয়া হয়। তদারকির জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট ঠিকাদার তড়িঘড়ি করে বাঁধ নির্মাণ সম্পন্ন করে তদারকি কমিটিকে ম্যানেজ করে চূড়ান্ত বিল তুলে নিয়ে যান। সময় ক্ষেপণের ফলে নির্মাণ ব্যয় দাঁড়ায় ছয় কোটি টাকার ওপরে। আমুয়া বন্দর রক্ষা কমিটির সদস্য আবদুল মান্নান জানান, নির্মাণ সম্পন্ন হওয়ার মাত্র এক মাসের মাথায় বাঁধের মাঝামাঝি স্থানে প্রায় ২৫ মিটার এলাকা দেবে গেছে। ফাটল ধরেছে আরও অনেক জায়গায়। ফলে বন্দরের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘আমুয়া বাঁধটি নির্মাণের পর মাঝখানের কিছু অংশ ভেঙে গেছে। আমরা বন্দর রক্ষা বাঁধটি সংস্কারের জন্য প্রকল্প করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি।’