আমুয়ায় লক্ষ্মী দশহরা মেলা ও নৌকাবাইচ
লক্ষ্মী দশহরা উপলক্ষে ২৩ অক্টোবর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের ঘোষেরহাটে মেলা বসেছিল। ৪০ বছর ধরে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। লক্ষ্মী দশহরা ও মেলা উপলক্ষে আমুয়ার হলদা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে লক্ষ্মী প্রতিমা নিয়ে নৌ-শোভাযাত্রা বের করা হয়। আমুয়া ইউনিয়ন পরিষদ এ মেলা ও নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। নৌকাবাইচ প্রতিযোগিতা ও নৌ-শোভাযাত্রা দেখার জন্য ঘোষের হাটে দুই কিলোমিটারজুড়ে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়। এ বছর প্রতিযোগিতায় ৪০ মাল্লার চারটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় জাফর তালুকদারের নেতৃত্বাধীন দল প্রথম হয়েছে। সন্ধ্যায় ঘোষের হাট প্রাথমিক বিদ্যালয় চত্বরে ঢাক বাজানো, আরতি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।