আমের নাম ‘নির্ভয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া সেই শিক্ষার্থীর স্মরণে নতুন একটি আমের নামকরণ করা হয়েছে। আমটির নাম রাখা হয়েছে ‘নির্ভয়া’।ভারতের উত্তর প্রদেশের লক্ষৌ জেলার মালিহাবাগ এলাকায় নতুন এই সংকর জাতের আমটি উত্পাদিত হয়। ভারতের বিভিন্ন সংবাদপত্র সূত্রে এ খবর জানা গেছে। ভারতের ‘ম্যাংগো ম্যান’ হিসেবে পরিচিত ও বিভিন্ন প্রজাতির আম উত্পাদনে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পাওয়া আমচাষি কালিমউল্লাহ খান এই নাম রেখেছেন। কালিমউল্লাহ খান একটি আমগাছে ৩০০ রকমের আম উত্পাদন করেছেন। তাঁর নাম রয়েছে ‘লিমকা বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস’-এ। এবার তিনি তাঁর উদ্ভাবিত সর্বশেষ আমটির নাম রেখেছেন ‘নির্ভয়া’। কয়েক মাস আগে দিল্লিতে একটি বাসে গণধর্ষণের শিকার হন এক শিক্ষার্থী। ঘটনাটি দিল্লিজুড়ে আলোড়ন তোলে। পরে সেই শিক্ষার্থী সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।