আমের পরিচয় কেমিক্যালে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসাল বা মিষ্টি নয়, আমের আগে এখন বিশেষণ হিসেবে জুটেছে ‘কেমিক্যালমুক্ত’। নগরজুড়ে এখন চলছে ‘কেমিক্যালমুক্ত’ আমের মেলা। ভেজালের এ সময়ে নগরে বিভিন্ন স্থানে বসে গেছে ‘কেমিক্যালমুক্ত আমের মেলা’। ক্রেতাদের কেউ সরল বিশ্বাসে আবার কেউ মনে সংশয় নিয়ে আম ঝোলায় পুরে বাড়ি ফিরছে। তবে কি এসব দোকানের বাইরে বাজারে বিক্রি হওয়া সব আম রাসায়নিকযুক্ত? আর কেমিক্যালমুক্ত আমের কথা বলে যে সেই রাসায়নিক পদার্থ মিশিয়ে পাকানো আমই যে বিক্রি হচ্ছে না, তার নিশ্চয়তাই বা কে দেবে?শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘আম পাকানোয় ব্যবহত কেমিক্যাল হচ্ছে ক্ষতিকর ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড মেশানো আম খেলে পেটের পীড়া থেকে শুরু করে আলসার, ক্যানসার পর্যন্ত হতে পারে।’ফার্মগেটের একটি ফলের দোকান থেকে আম কিনছিলেন আবুল হোসেন। আম কীভাবে পাকানো হয়েছে, তা জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, আম তো কেমিক্যাল দিয়ে পাকানো জানি। কিন্তু এই আম কেনা ছাড়া তো আর কোনো উপায় নেই।’ অবশ্য তাঁর থেকে সচেতন ধানমন্ডির জাফর আহমেদ। তিনি এসেছেন ধানমন্ডি ক্লাবে আম কিনতে। এখানে রাজশাহীর আমের মেলা চলছে। মেলার সামনে বিশাল ব্যানারে লেখা আছে, ‘শতভাগ কেমিক্যালমুক্ত রাজশাহীর আমের মেলা।’ জাফর বলেন, ‘সরকারের উচিত, এসব পরীক্ষা করা, ভেজালবিরোধী অভিযান চালানো। কেমিক্যাল ছাড়া নাকি কেমিক্যাল দিয়ে আম পাকানো হয়েছে, তা তো আর আমরা বুঝতে পারি না। বিক্রেতাদের কথা বিশ্বাস করে আম কিনছি।’আম পাকানোর সাধারণ নিয়ম হলো, পরিপুষ্ট আমগাছ থেকে পাড়তে হবে। তারপর খড় কিংবা এ জাতীয় কিছু দিয়ে ঢেকে রাখতে হবে। তাহলে কয়েক দিনের মধ্যেই আম পেকে যায়। কিন্তু বেশির ভাগ আমই পরিপুষ্ট হওয়ার আগেই গাছ থেকে পাড়া হয়। আর এসব আমই ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো হয়। কেননা, কার্বাইড দিয়ে না পাকালে এসব আম নষ্ট হয়ে যায়। আম পাকানোর বৈধ কোনো উপায় আছে কি না জানতে চাইলে অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, ‘কাঁচা আমের মধ্যে দু-একটি পাকা আম রেখে দিলে দ্রুত আম পেকে যায়। এ ছাড়া উন্নত দেশে আম পাকানোর জন্য ইথাইলিন ব্যবহার করা হয়। এটাও অবশ্য পরিমাণমতো দিতে হয়। আমাদের দেশে কোথাও কোথাও দ্রুত আম পাকাতে ইথাইলিন মাত্রাতিরিক্ত দেওয়া হয়। কার্বাইডের পাশাপাশি আমে ফরমালিনও মেশানো হয়, যার ফলে আম অনেক দিন থাকে। সহজে পচে যায় না। ফরমালিনও শরীরের জন্য ক্ষতিকর।’অধ্যাপক রুহুল আমিন জানান, কার্বাইড মেশানো আম দেখতে হবে অনেক সুন্দর। এর গায়ের রং হবে চকচকে। দেখে মনে হবে, এটাই বুঝি ভালো আম। কিন্তু এ চকচকে আমের ভেতরেই লুকিয়ে আছে বিষাক্ত কার্বাইড। এ ছাড়া কার্বাইড মেশানো আম নাকের কাছে ধরলে আসল গন্ধ পাওয়া যাবে না। আসল স্বাদও পাওয়া যাবে না এ আম খেয়ে। আবার কিছুদিন গেলে এ আমের চামড়া শুকিয়ে যাওয়ার মতো হয়। অন্যদিকে কার্বাইডমুক্ত আম শুকলে সুঘ্রাণ পাওয়া যাবে। এ আমের খোসা অপেক্ষাকৃত সবুজ হবে। রাজশাহীর হিমসাগর, ল্যাংড়া বা ফজলি আমের খোসা সবুজ না হলে বুঝতে হবে, তাতে কার্বাইড মেশানো হয়েছে।ধানমন্ডি ক্লাব, কলাবাগান ক্রীড়াচক্রের মাঠসহ নগরের বিভিন্ন জায়গায় বসা আমের মেলার আয়োজক ও বিক্রেতারা জোর গলায় বলছেন, তাঁদের এখানে বিক্রি হওয়া আম শতভাগ কার্বাইডমুক্ত আর বাইরে বিক্রি হওয়া আম কার্বাইডযুক্ত। অবশ্য বাইরের বিভিন্ন দোকানিরা এটা মানতে নারাজ। তাঁরা জানান, কিছু কিছু আমে কার্বাইড দেওয়া হয়। সব আমে দেওয়া হয় না। কারওয়ান বাজারের আমের আড়তে গিয়ে পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় আসা বেশির ভাগ আমেই কার্বাইড মেশানো হয়। তবে কার্বাইড গাছ থেকে পেরেই স্প্রে করে দেওয়া হয়। এতে ঢাকায় আসতে আসতে আম পেকে যায়। আবার কাঁচা আম ঢাকায় এনেও ক্ষতিকর কার্বাইড দিয়ে আম পাকানো হয়। দু-একজন ব্যবসায়ী অস্বীকার করলেও বেশির ভাগ ব্যবসায়ী ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে আমে কার্বাইড মেশানোর স্বীকারোক্তি পাওয়া গেছে।ডিসিসির ফুড অ্যান্ড স্যানিটেশন বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘কার্বাইড পরীক্ষা করার মতো প্রয়োজনীয় কোনো যন্ত্রপাতি আমাদের নেই। এ কাজ করে বিএসটিআই। আমরা প্রায়ই আড়তগুলোয় গিয়ে দেখি, সেখানে কার্বাইড আছে কি না। পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।’মেলায় কিংবা বাজারের আমগুলোয় ভেজালবিরোধী অভিযান চালানো হবে কি না জানতে চাইলে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস-সিএম বিভাগের পরিচালক লুৎফর রহমান খান বলেন, ‘বাজারে ও আমের আড়তে আমরা কয়েকটি অভিযান চালিয়েছি। আমের মেলায়ও আম পরীক্ষা করার জন্য অভিযান চালানো হবে।’