আমেরিকায় পুঁইশাক
এই শিল্পীরা কি বিখ্যাত?আমাদের রংপুর জিলা স্কুলের আজহার স্যারের ডাবল চড় ছিল অত্যন্ত বিখ্যাত ও খুবই কার্যকর। তিনি একসঙ্গে দুই হাত দিয়ে তাঁর শিকার ছাত্রটির দুই গালে চড় বসিয়ে দিতেন, বর্ষণের সঙ্গে আওয়াজও হতো। তিনি মুখে বলতেন, ‘অতিরিক্ত কথা এবং কাজ বিপদ ডাকিয়া আনে।’ সেই উপদেশ আমি ভুলিনি জনাব। কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতে হবে।শিল্পানুরাগী ও সংগ্রাহক মতি ভাই আমার নিয়োগকর্তা, ১৮ বছর বোধ হয় হচ্ছে তাঁর সঙ্গে আছি, শিশিরদার সঙ্গে পরিচয় ২৩ বছর, গৌতম চক্রবর্তীর সঙ্গে পরিচয় ১৮ পেরিয়ে গেছে। গোলাপের সংস্পর্শে দীর্ঘদিন থেকে এক মাটির ঢেলা কস্তুরির মতো সৌরভ অর্জন করতে সক্ষম হয়েছিল, ছোটবেলায় উদ্দেশ্যে পঠিত প্যারাগ্রাফের এই কাহিনি থেকে শিক্ষা নিয়ে আমি এখন চিত্রকর্মের অনুরাগী বনার চেষ্টা করছি, কাকের ময়ূরপুচ্ছ ধারণের মতো করে আমি চিত্র প্রদর্শনী দেখে বেড়াই। যেখানেই যাই, খুঁজি, গ্যালারি কোথায়। আইওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক লেখকদের আবাসিক কর্মসূচির একটা অংশ হিসেবে আমেরিকায় এসে এবং সানফ্রান্সিসকো শহরে বেড়াতে গিয়ে প্রথমেই যা বললাম, তা হলো, আমি মিউজিয়াম অব মডার্ন আর্ট দেখতে যাব।সান ফ্রান্সিসকো শহরে আমরা উঠেছি স্যার ফ্রান্সিস ডেরেক হোটেলে। এটা একেবারেই শহরের কেন্দ্রে, পাশেই ইউনিয়ন স্কয়ার, যেটা কিনা বিখ্যাত নানা আন্দোলন-বিক্ষোভ, সভা-সমিতির ময়দান হিসেবে; তা সমকামীদের অধিকারের আন্দোলনই হোক, আর ইরাক যুদ্ধের বিরুদ্ধে মার্কিনের বিশাল প্রতিবাদ মিছিলই হোক। আমাদের হোটেল থেকে এই শহরের মিউজিয়াম অব মডার্ন আর্ট বেশি দূরে নয়। এক সকালবেলা হেঁটেই রওনা দিলাম আমরা কয়েকজন, নাইজেরিয়ার কবি ইসমাইল বালা, মরিশাসের লেখক অধ্যাপক ফরহাদ খয়রাতি আর আমাদের সংগঠক জোসেফ। মিউজিয়াম তখনও খোলেনি, কিন্তু ফটকের সামনে দীর্ঘ লাইন। এরা লাইন দিয়ে ছবি দেখে! তো সেই দীর্ঘ হণ্টন ও নাতিদীর্ঘ লাইনে দণ্ডায়ন শেষে জাদুঘরের ভেতরে ঢুকে দেখি পাবলো পিকাসোর একটা অনতিবিশাল চিত্রকর্ম। এর আগে চর্মচক্ষে পিকাসোর কোনো মূল কাজ দেখেছি কি? হ্যাঁ দেখেছি। একটানে আঁকা ছোট্ট একটা পায়রা, শান্তির পায়রা, ঠোঁটে পাতা, ফয়েজ আহমদ সেই ছবি ঢাকায় এনেছিলেন, আমরা লাইন ধরে দাঁড়িয়ে কলমে আঁকা সেই ছোট্ট রেখাচিত্রটা দেখে নিজেকে ধন্য মনে করেছিলাম। এখন পিকাসোর একটা আস্ত ছবির সামনে দাঁড়িয়ে নিজেকে ধন্যতর মনে না করার কোনো কারণই নেই।পুরো গ্যালারি ঘুরে ছবি দেখে ফিরলাম।সান ফ্রান্সিসকোতে চার দিন ছিলাম আমরা। পর্যটন গাড়িতে চড়ে শহর চক্কর, নৌযানে সমুদ্র ভ্রমণ, বন্ধুদের বাড়ি যাওয়া, অ্যালেন গিন্সবার্গ প্রমুখের কবিতার বইয়ের প্রকাশক সিটি লাইট পরিদর্শন ও বই কেনা—এসব করেই সময় পার হয়ে গেল।আজ আমরা সান ফ্রান্সিসকো থেকে আইওয়া সিটিতে ফিরব। ১১টার মধ্যে হোটেল ছাড়তে হবে। সকালবেলা হোটেলের বাইরের একটা খাবারের দোকান থেকে নাশতা করে ফিরছি, কিরগিজস্তানের লেখক তুরুসবেক আমাকে ধরে বসল ইউনিয়ন স্কয়ারের সামনে। আনিসুল, একটু আসো তো আমার সঙ্গে, আমার ছবি তুলবে। একটা রেস্তোরাঁয় ধরে নিয়ে গেল, যেই রেস্তোরাঁয় মেরিলিন মনরো-সমেত নানা তারকার বড় বড় ছবি দেয়ালে ঝোলানো, সে ওই মেরিলিন মনরোর সামনে ছবি তুলবে। আমি তুলে দিলাম। সে নাকি ইন্টারনেটে পড়েছে, এই রেস্তোরাঁয় মেরিলিন মনরো এসেছিলেন। হতে পারে।ওর সঙ্গে ফিরছি। ফুটপাত থেকে পাশে তাকিয়ে দেখি একটা গ্যালারি। ভেতরে ছবি।জানালার কাচের ভেতর দিয়ে ছবিগুলো দেখা যাচ্ছে। কী ছবি, কার ছবি না বুঝেই ভেতরে ঢুকে পড়লাম। দেয়ালে নানাজনের ছবি টাঙানো। এরা নিশ্চয়ই সান ফ্রান্সিসকোর বিখ্যাত শিল্পী। খুব বিজ্ঞের ভাব করে ঘুরছি। সামনে একটা ডেস্কের পেছনে একজন ভদ্রমহিলা। তাঁকে গিয়ে বললাম, এই যে ছবিগুলো তোমরা ঝুলিয়ে রেখেছ, এই আর্টিস্টরা কি বিখ্যাত? তিনি বললেন, কেউ কেউ বিখ্যাত, কেউ কেউ তত নয়। এই যে অতিরিক্ত কথা বললাম, সেই জন্য আজহারের স্যারের ডাবল চড় আমার পাওনা হয়ে গেল। কেন বলছি।আরেকটু এগিয়ে যেতেই দেখি মার্ক শাগাল। তারপর সালভাদর দালি। তারপর পিকাসো। একটা নয়, দুটো নয়, অনেক। এমনকি পিকাসোর মাটির তৈজসপত্রও আছে। আমার তো অক্কা পাওয়ার জোগাড়। এই জগদ্বিখ্যাত ছবিগুলো এইখানে, আমাদের হোটেলের সামনে এত দিন ধরে ঝোলানো আছে। আর আমি কিনা মিউজিয়াম অব মডার্ন আর্টসের একটা ছবি দেখেই আহ্লাদিত ছিলাম। আর আমরা এমন একটা সময়ে গ্যালারিটা আবিষ্কার করলাম, যখন আমাদের প্রস্থানের ঘণ্টা বাজছে।আর ওই ভদ্রমহিলা ওইখানে দাঁড়িয়ে আছেন। ওর সামনে দিয়ে এখন বেরোব কেমন করে। ও নিশ্চয়ই মনে মনে বলছে, পিকাসো, শাগাল, দালি এরা বিখ্যাত কি না জিজ্ঞাসা করেছে যে ছাগলটা, সে এখন বের হচ্ছে।গ্যালারির নাম উইনস্টেইন গ্যালারি। আমার লজ্জা তো ঢাকতেই হবে। আমি আবার গেলাম ওদের কাউন্টারে, বললাম, ইয়েস, আই সি ইউ হ্যাভ রিচ কালেকশন, আর দে ফর সেল। হ্যাঁ, ওরা বলল। কত দাম? বলল, ‘পাঁচ হাজার ডলার থেকে শুরু করে কয়েক মিলিয়ন ডলার হতে পারে। আমাদের এই রাস্তাতে অনেক গ্যালারি আছে। দালির কতগুলো দুর্লভ কাজ আছে। দেখবে?’ আমি বললাম, অবশ্যই।আমাদের হোটেল ছাড়ার সময় ঘনিয়ে আসছে। আমি আর তুরুসবেক দৌড়াচ্ছি। সত্যি এই রাস্তায় ওদের অনেক গ্যালারি। প্রতিটায় অনেক ভুবনখ্যাত শিল্পীর কাজ আছে, দেয়ালে ঝোলানো, আবার ভাঁড়ারে রাখা। ওরা ভেতর থেকেও ছবি এনে এই সম্ভাব্য ক্রেতাকে দেখাল।পাঁচ হাজার ডলার। সাড়ে তিন লাখ টাকা। একটা মার্ক শাগালের মূল প্রিন্ট পাওয়া যাবে। কিনে ফেলা উচিত। ঢাকায় কামরুল হাসানের ছবিই পাঁচ লাখ। অবশ্যই কিনব। ক্রেডিট কার্ডে আছে আড়াই হাজার। পকেটে শ পাঁচেক। আর লাগে দুই হাজার। লেখকদের কাছে ধার পাওয়া যাবে না?হঠাৎ খেয়াল হলো, এগুলো যে অরিজিনাল, তার গ্যারান্টি কী? দেশে ফেরার পর সবাই যদি বলে, নকল, তখন। থাকুক। কিনব না। না কিনেই ফিরে এলাম। কিন্তু মনটা এখনো পড়ে আছে ওই গ্যালারিতে।গ্যালারির বাইরে দাঁড়িয়ে ছবি তুললাম। আপনারা ছবিটা দেখুন। এত বড় করে পিকাসোর ছবি টাঙানো, আর পিকাসোর নাম লেখা, তার পরও ভেতরে গিয়ে যে জিজ্ঞেস করে, আর্টিস্ট বিখ্যাত কি না, তাকে হাতের কাছে পেলে আজহার স্যার কী করতেন?এবং পুঁইশাকআমাদের হোটেলের নিচতলার নদী-পার্শ্ববর্তী ক্যাফেটেরিয়ায়, যেটা কিনা অনেকটা ছাত্র-শিক্ষক কেন্দ্রের মতো, বসে দুপুরের খাবার খাচ্ছি, সামনে ইংল্যান্ডের লেখিকা লরা ফিশ, যিনি প্রথম দিন বলেছিলেন, তাঁর নিজেকে মনে হচ্ছে ফিশ আউট অব ওয়াটার, তাঁর অসম্ভব সুন্দর বাচ্চা গাব্রিয়েল একটা চেয়ারকে গাড়ি বানিয়ে ঠেলছে, কিছুতেই পোষ মানছে না। এই সময় একজন এসে বাংলায় বললেন, আপনার নাম কী? আপনি বাংলাদেশ থেকে এসেছেন না?আমি তাঁর দিকে তাকালাম। বাঙালিই বটে। তবে তাঁর বাংলা ভাঙা ভাঙা।তিনি এরপর ইংরেজিতে বলে চললেন, আমি এই শহরেই থাকি। আপনি আছেন। আসেন একদিন আমার বাসায়।আমি বললাম, আচ্ছা।তিনি বললেন, আপনার ফোন নম্বর দিন। কাগজে লিখে সেটা তাঁর হাতে সমর্পণ করলাম।এই ধরনের কাগজের টুকরা যত যত্ন করেই রাখা হোক না কেন, হারিয়ে যেতে বাধ্য।কিন্তু একদিন ফোন বেজে উঠল। হ্যালো, আমি আলম (নামটা আমি বানিয়ে বলছি। সত্যিকারের নাম বলব না)।আমি বললাম, আমি তো শহরের বাইরে।আচ্ছা আচ্ছা বলে তিনি ফোন রেখে দিলেন।আরেক দিন দুপুরবেলা। কোনো কাজ নেই। কী খাব ভাবছি। হঠাৎই ফোন। হ্যালো, আমি আলম। আপনি এখন কোথায়?আমার অবস্থান তাঁকে ব্যক্ত করলাম। তিনি বললেন, আপনি অমুক জায়গায় দাঁড়ান। পাঁচ মিনিটের মধ্যে আমি আসছি।পাঁচ মিনিট নয়, ১০ মিনিট পর তিনি এলেন গাড়ি চালিয়ে। আমাকে গাড়িতে তুলে নিলেন। সোজা নিয়ে গেলেন শহরের উপকণ্ঠে, গাছগাছালি ভরা একটা এলাকায়, সেইখানে একটা টিলার ওপরে যেন তাঁর বাসা, কাঠের বাসা, কাচের বড় বড় জানালা দিয়ে দুই পাশে নিচের উপত্যকায় শুধু গাছ আর গাছ। আগুনলাগা গাছ একেকটা। মেপলগাছও আছে, যার পাতা সবচেয়ে বেশি রক্তিম হয়ে ওঠে।এ যে দেখছি শিল্পীর বাড়ি। এখানে যে থাকবে, সে হয় লেখক হবে, নয় তো শিল্পী।ন্যান্সি ন্যান্সি (এটাও ছদ্মনাম), দেখো, কাকে এনেছি। ন্যান্সি আপনার জন্য ডাল-ভাত রাঁধছে। আপনাকে দুপুরে খাওয়াবে।আমি তাঁর আমেরিকান স্ত্রীর সঙ্গে পরিচিত হলাম। খুবই মায়াবতী ধরনের চেহারা, কতগুলো চেহারা থাকে, যাদের দেখলে মনে হয় এরা কোনো দিনও কারও ক্ষতি চাইতে পারে না, সেই রকম। দেখে মনে হচ্ছে ন্যান্সির বয়স ২৫ বছর।আমি বললাম, আমেরিকান বউরা রাঁধে নাকি?ন্যান্সি বললেন, হ্যাঁ, রাঁধে তো।আলম বললেন, ওকে জিজ্ঞেস করেন ওর সাথে আমার পরিচয় হয়েছিল কীভাবে? ন্যান্সি বলো।ন্যান্সি বললেন, ও মুরগি রেঁধে এনেছিল। সেইটা খেয়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম।আলম বললেন, ন্যান্সি আমার কাছে মুরগির ঝোল রান্না শিখতে চায়। আমি কী করে শেখাব? আমি তো মুরগির মধ্যে ইচ্ছামতো সব মসলা নিক্ষেপ করেছিলাম। কোনো হিসাব আছে নাকি।আমি বলি, তোমাদের বিয়ে হয়েছে কত বছর।ওরা বলল, ১৩ বছর।কী বলো, ন্যান্সিকে দেখে তো মনে হচ্ছে সে ২৫।ন্যান্সি খুশি হলেন। আসলে ওদের বয়স চল্লিশ পেরিয়েছে।আলম বললেন, আপনাকে ধরে এনেছি কেন জানেন। ১৯৯০ এর দিকে হুমায়ূন আহমেদ এসেছিলেন এখানে। আমাকে ফোন করেছিলেন। আমি তখন ছাত্র। আমার খুব পারিবারিক ঝামেলা চলছিল। উনি বললেন, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পার? আমি না তার কাছে যেতে পারিনি! পরে সবাই বলল, তুমি জানো, উনি কত ফেমাস।আমি বললাম, আলম, তোমার বাবা-মা কই থাকেন।দেশের বাইরে থাকেন। তবে আমার সঙ্গে যোগাযোগ নাই।আমি আসলে একা। ন্যান্সি, আমার দুটো বাচ্চা, আর আমি। এই আমার পৃথিবী। জানেন আমার দেশও নাই।মানে কী? আমি মনে মনে ভাবি।ন্যান্সি কী রাঁধছেন?লাউ।লাউ। আমি হাসি। আমেরিকান সাদা মেয়ের হাতের রাঁধা লাউ খাব আজ।আমি বলি, কেন, আলম, তোমার বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ নাই কেন।আস্তে আস্তে আলম সব খুলে বললেন। বাবা-মা আর তাঁরা দুটি ভাই, তাঁদের ছিল সুখের সংসার। আলমের যখন সাত বছর বয়স, তখন তাঁরা ঢাকা থেকে মধ্যপ্রাচ্যে চলে যান সবাই মিলে। ওইখানে আলম ভর্তি হন আমেরিকান স্কুলে।তাঁর বাবা-মা তাঁদের নিয়ে ছোটবেলাতেই আমেরিকা বেড়াতে এসেছিলেন। ইউরোপ বেড়িয়েছেন। আলম তাঁর অ্যালবাম খুলে ছবি দেখান।তারপর আলমের যখন ১৮ বছর বয়স, আর তাঁর ছোট ভাইয়ের ১৩, তখন বাবা আবার তাঁদের নিয়ে আসেন আমেরিকায়। ছেলেকে কোথাও ভর্তি করাবেন।এই সময় আলমের বাবা একটা কিছু অপকর্ম করে বসেন, ফলে তাঁকে পুলিশে ধরে নিয়ে যায়। বাবা পুলিশের গাড়ি থেকে লাফিয়ে নেমে সোজা এয়ারপোর্টে গিয়ে আমেরিকা থেকে পালিয়ে যান।তাঁর দুই ছেলেকে কোথায়, কার কাছে রেখে গেলেন, তারা কী করছে, আর কোনো দিনও তিনি খোঁজ নেননি।আলম অগাধ সলিলে পড়েন। একা একা কষ্ট করে ছোট ভাইকে লেখাপড়া করান আর নিজেও লেখাপড়া করেন আইওয়া ইউনিভার্সিটিতে।সহপাঠিনী ন্যান্সিকে বিয়ে করেন। ছোট ভাইটা পড়াশোনায় খুব ভালো করে। আজ সে প্রতিষ্ঠিত। তবে তার সঙ্গেও এখন আর যোগাযোগ নেই আলমের।আলম অ্যালবামে আমাকে দেখান, এই যে আমার বাবা-মা, এই যে আমার খালার বাড়ি ঢাকার উপকণ্ঠে, এই যে আমার নানির বাড়ি, অজপাড়াগাঁ। এই যে আমাদের মিডল ইস্টের বাড়ি, এই যে আমাদের প্রথম গাড়ি। এই যে আমরা বাবা-মায়ের সঙ্গে ছোটবেলায় আমেরিকার বিভিন্ন শহরে বেড়াচ্ছি। ...আমার মিরপুরের কথা মনে আছে। কবরস্থানের পাশে আমরা বেড়াতে গিয়েছিলাম। আপনার বাড়ি কই? ধানমন্ডি।আলম ম্যাপ বের করেন। ঢাকার মানচিত্র। আমার বাসার অবস্থান তাঁকে দেখাই। তাঁর শৈশবের বাড়ি কোথায় ছিল, তিনি দেখান।‘জানেন, আমার শৈশবের বেশি স্মৃতি তো আছে মিডল ইস্টের, কিন্তু মিডল ইস্টকে কখনোই আমার দেশ মনে হয়নি। সব সময় আমি নিজেকে বাঙালিই ভেবেছি।’ আলম বলেন।আমি বলি, হ্যাঁ, তুমি তোমার নাগরিকত্ব বদলাতে পারো, ধর্ম বদলাতে পারো, কিন্তু তুমি তোমার নৃতাত্ত্বিক পরিচয় তো বদলাতে পারবে না। একবার বাঙালি হয়ে জন্মালে চিরকালই বাঙালি থাকতে হবে।ন্যান্সির রান্না হয়ে গেছে। সাদা ভাত, ডাল আর লাউ, পালং শাকের সালাদ। আগের দিন আলম মুরগি পুড়িয়েছিলেন, সেই মাংস। আমি একটা কথা প্রকাশ্যে ঘোষণা করতে পারি, আমি দেশের বাইরে কম বাঙালির বাড়িতে খাইনি, তাঁরা আমাকে কাঁঠালের তরকারি থেকে শুরু করে শুঁটকি পর্যন্ত খাইয়েছেন, তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলে নেমকহারামি করা হবে, কিন্তু বাংলাদেশে আমরা যে ভাতটা খাই, সেটা কেউ খাওয়াননি। কারণ, সবাই বাসমতি চালের ভাত খাইয়েছেন, এই প্রথম একজন শ্বেতাঙ্গিনীর রাঁধা ভাতটা একেবারেই বাঙালির ভাত হিসেবে আমার কাছে গণ্য হলো। আর ডালটাও যা হয়েছে না! আমি তাঁদের কাছ থেকে অনুমতি নিয়ে হাত দিয়ে মেখে ভাত খেতে শুরু করলাম হাভাতের মতো।ন্যান্সি আমাকে বললেন, তুমি পুঁইশাক খাও? ও তো পুঁইশাক বলতে পাগল।আলম বললেন, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি।খাওয়া শেষে অনেক গল্প হলো। আজ যেন আলমকে গল্পে পেয়েছে। রাজ্যের অ্যালবাম বের করে সে ছবি দেখাচ্ছে। তার শৈশবের ছবি। তার বাবা-মায়ের ছবি। তার বিয়ের ছবি। ছোট ভাইয়ের পরীক্ষার ফল এনে দেখালেন তিনি, ‘আপনি ইঞ্জিনিয়ার, আপনি বুঝবেন। দেখেন রেজাল্ট কত ভালো।’বাবা নাকি বই লিখেছিলেন। মা-ও লেখিকা। তাঁদের বাংলা বই আমাকে দেখানোর জন্যে খুঁজতে লাগলেন দুজনে।আলম বললেন, ন্যান্সি বাংলাদেশ সম্পর্কে জানতে চায়। ও রান্না শিখেছে কীভাবে দেখেন। একটা টাইপ করা খাতা এনে দিলেন আমার সামনে, ইংরেজিতে লেখা একটা রান্নার বই। কলকাতার কোনো বাঙালি লিখেছেন। তারপর আমাকে আলম নিয়ে গেলেন বাড়ির পেছনের আঙিনায়। আমার বাগান দেখেন। শীতে বাগানের সবজি শুকিয়ে গেছে সব। সেখান থেকেই তিনি পুঁইয়ের একটা লতা তুলে ধরলেন। শুকিয়ে সুতলি হয়ে গেছে। বললেন, সামনের বছর পুরো বাগানের চারদিকে পুঁইশাক করব, বেড়ায় তুলে দেব, টন টন পুঁইশাক হবে। আমি সবকিছুতে পুঁইশাক খাব। পুঁইশাকের স্যান্ডউইচ, পুঁইশাকের সালাদ, পুঁইশাকের ফ্রাই, পুঁইশাকের তরকারি...আমার চোখে জল চলে আসছে। আই হ্যাভ নো ফ্যামিলি, আলম বলেছিলেন। বলেছিলেন, তাঁর কোনো দেশ নাই।এখন যেন এই পুঁইশাকের শুকনো লতাটা ধরে তাঁর মধ্যে তিনি দেশ, মা, ভাইকে খুঁজছেন। কে বলেছে তাঁর দেশ নাই। বাংলাদেশই তাঁর দেশ। না হলে ন্যান্সি আমাকে লাউ, ভাত আর ডাল রেঁধে খাওয়ায়।আমাকে গাড়ি করে আমার আবাসে নামিয়ে দিতে দিতে আলম বললেন, আপনার যদি কোনো কিছু দরকার হয়, কিছু খেতে ইচ্ছা করে, কোথাও যেতে ইচ্ছা করে, আমাকে ফোন দেবেন। আমি সাথে সাথে চলে আসব।আইওয়া সিটি, আমেরিকা, ৩ নভেম্বর ২০১০[email protected]