আম্মাকে নিয়ে ঈদ
সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এ বছর রোজায় টেবিলভর্তি ইফতার থাকবে না, বাইরে থেকে কিনে-কেটে এনে কোনো কিছু খাওয়া হবে না। সারা মাস সংযম পালন করি, দিনশেষে ইফতারের টেবিলে থাকে ভূরি ভূরি খাবার, সেটা ঠিক নয়। সংযম ইফতারেও থাকা উচিত।অখুশি আমরা কেউ ছিলাম না। পরিমিত ইফতারে মনে আনন্দের ঘাটতি হচ্ছিল, তা নয়। প্রতিবার ইফতারের আগে দৌড়ে, ঝাঁপিয়ে অমুক জায়গা থেকে হালিম কিনতে হবে, তমুক দোকানের জিলাপি, বিখ্যাত রেস্টুরেন্টের কাবাব-পরোটা কিংবা তেহারি না হলে ইফতার জমবে না—এমন ভাবনার এবার ছুটি ছিল।মনের জোর আছে বলতে হবে, আমাদের কারও মনে হয়নি টেবিল কেমন খালি খালি লাগে। এভাবে ভালোই কাটছিল। হঠাৎ একদিন আমাদের বড় ছেলে আরাফ বলে বসে, তোমরা কোনো কিছু মিস করো না?মনা তো মা, বাকিটুকু শোনার আগে সে ভেবে নেয়, ছেলের বোধ হয় এসব ইফতারে মন ভরে না, তাই আজ মুখফুটে বলে ফেলেছে। জানতে চায়, তুমি কী খেতে চাও বলো, কাল না হয় আনা যাবে।বাবা হাসে, ইফতারের টেবিলে দাদা, জিলাপি আর কাবাব—এই তিনকে আমি খুব মিস করি।আরাফকে আমরা বাবা ডাকি। আমি বাবার মুখের দিকে তাকিয়ে থাকি, সুখ-দুঃখের মিশ্র অনুভূতি জাগে মনে। টের পাই, বুকের মধ্যে দুঃখ আর আনন্দ হাতধরাধরি ‘আয় তবে সহচরী...’ এই নৃত্যগীতে মেতে উঠেছে।মনা ছেলেকে বলে, কাল জিলাপি আর কাবাব এনে দেওয়া হবে, তবে দাদাকে তো এনে দিতে পারব না, বাবা। আমরাও মিস করি তাঁকে, কিন্তু উপায় তো নেই।আরাফের যখন তিন মাস বয়স, তখন আমার আব্বা মারা যান। দাদা মানে, আমার আব্বা হওয়া উচিত ছিল, কিন্তু তখন থেকে দাদিই তার দাদা। আরাফের নানাও নেই। নানিকে নানা আর দাদিকে দাদা ডাকে ছোটবেলা থেকে।পাঁচ মাস হতে চলেছে আম্মা বাড়িতে নেই, সানফ্রানসিসকোতে মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে গেছেন। দুই ছেলেকে নিয়ে মাত্র পাঁচজনের সংসার আমাদের। চারজন আছি, একজন নেই, তবুও বাড়ি খালি খালি লাগে। তার হাঁটার শব্দ, একে-ওকে ডাকাডাকি শোনা হয় না অনেক দিন। কানে একটু কম শোনেন বলে টেলিভিশন দেখেন জোর আওয়াজে। তাঁর ঘর থেকে বহুদিন তেমন হইচই ভেসে আসে না।আমরা এসব মিস করতাম, একই সঙ্গে ভেবেছি থাক, আমাদের মন খারাপ হচ্ছে, কিন্তু বোনটার তো খুব আনন্দে কাটছে। আমার থেকে রুমা কুড়ি বছরের ছোট, অতএব দুই ভাইয়ের খুব আদরের বোন সে। অনেক বছর হয়ে গেল আমেরিকায় থাকছে। স্বামী জাকারিয়া স্বপন, চার বছরের মেয়ে সুনিভাকে নিয়ে তাদের তিনজনের সংসার। রুমার শখ ছিল আম্মাকে নিজের সংসারে এনে একসঙ্গে থাকা। বিদেশ-বিভূঁইয়ে কেমন সংসার মেয়ের, সেটা দেখার শখ আম্মারও ছিল। আমাদের মন খারাপ, তবু আম্মা ওখানে ভালো আছেন ভেবে খারাপ-ভালোয় কেটে যাচ্ছিল দিন।রুমা দুদিন অন্তর আম্মা কী করলেন ফোনে তার বর্ণনা করে। ওরা চারজন মিলে কোথাও বেড়াতে গেলে ফিরে এসে মেইল করে ছবি পাঠিয়ে দেয়। মেয়ে, জামাই ও নাতনির সঙ্গে আম্মার হাস্যোজ্জ্বল ছবি দেখে আমরা খুশি হই, আম্মা ভালো আছেন।সুনিভার সঙ্গে ছবি রং করা নিয়ে বা রান্নাবাড়া খেলা খেলতে গিয়ে কবে ঝগড়া হয়েছে, কখন কীভাবে সে ঝগড়া মিটমাট হয়েছে, ফোনে বিস্তারিত বলেন আম্মা। আমরা তাঁর কণ্ঠস্বরে সুখ খুঁজে পেয়ে সন্তুষ্ট হই। জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, কবে আসবেন? জিজ্ঞাসা করা হয় না। আম্মা ভালো আছেন জানিয়ে আমাদের জন্য মন খারাপ হয়, সেটাও বলেন। বুঝতে পারি, আরাফ ঈমান এবং আমার ছোট ভাইয়ের দুই মেয়ে নির্ভানা ও নির্জনাকে খুব মিস করেন মাঝেমধ্যে।এই প্রথম একটা ঈদে আমাদের সঙ্গে থাকবেন না আম্মা, কেমন কেমন যেন লাগে। আব্বার মৃত্যুর পর থেকে আম্মা ছাড়া ঈদের কোনো স্মৃতি নেই। প্রতি ঈদের সকাল শুরু হয় আম্মার ধমকে, ‘যা, দেরি করছিস কেন, ঈদের দিনটায় আগেভাগে তৈরি হয়ে জামাতে যেতে হয়।’নামাজ থেকে ফিরে আমাকেও রাগ করে বলতে হবে না, আজ ঈদ, আপনি এখনো নতুন কাপড় কেন পরেননি? এমন বদলে গেছেন আব্বা মারা যাওয়ার পর থেকে। ঈদের দিন নতুন কাপড় পরার আগ্রহ তাঁর মোটেও হয় না, জোর করে পরাতে হয়।আগে আম্মার জন্য ঈদের শাড়ি আমি কিনতাম। স্বাধীনতার পরের বছর থেকে নিজের টাকায় আম্মার জন্য শাড়ি কেনা শুরু। মনা সংসারে আসার পর থেকে এটা নিয়ে মাথাব্যথা তার। আম্মার জন্য শাড়ি কেনা সহজকম্ম নয়, সেটা মাথাব্যথার মতোই। পছন্দ হলে খুব খুশি হবেন, পছন্দ না হলে এমন বিরক্ত হবেন, সামনে দাঁড়িয়ে থাকাদের মনে হবে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে।দুই ছেলের বউ মনা আর শীলা ঈদ কাছে আসতে থাকলে আম্মার জন্য শাড়ি কেনা নিয়ে খুবই উদ্বিগ্ন ও শঙ্কায় থাকে। শাড়ি পছন্দ হলে লটারিতে কোটি টাকা মিলে গেছে, এমন আনন্দ হয়; সেদিন ওই মুহূর্তে ওদের দুজনের ঈদের খুশি ষোলো আনা জুটে যায়।দুই পুত্রবধূর এবার শাড়ি নিয়ে শঙ্কা বা উদ্বেগ নেই ভেবেছিলাম, কিন্তু দেখা গেল, যথারীতি ভয়ভীতি নিয়ে শাড়ি ক্রয়ের অভিযানে নেমে পড়েছে। রং নিয়ে গবেষণা চলছে, ফোনে বা সামনাসামনি পাড় বা আঁচল নিয়ে গভীর ভাবনা-বিনিময় চলছে। বুঝতে পারি, আম্মা ঈদে আমাদের সঙ্গে থাকবেন না, কিন্তু নিয়মটা বাদ দিয়ে মনে স্বস্তি হচ্ছে না কারও।অফিস থেকে সেদিন একটু আগে বেরিয়ে যানজটে আটকা রয়েছি। ইফতারের জন্য সবাই আগেভাগে বের হয় বলে এ সময় রাস্তার এমন দশা হয়। আটকা পড়ে বারবার অস্থির হয়ে ঘড়ি দেখছি, ফোন বেজে ওঠে—বাবা, তুমি কোথায়?ছেলেকে বলি, বাসায় আসছি, তার আগে জিলাপি আর কাবাব কিনতে হবে, সেটা মনে আছে।আরাফ বলে, দরকার নেই বাবা। খাওয়া হবে, পাওয়া তো হবে না। দাদাকে তো মিস করতে থাকব।চুপ হয়ে যাই, বলার মতো কথা খুঁজে পাই না। সেই অনুভূতি আবার টের পাই, ভালো লাগা আর মন্দ লাগা মনের মধ্যে হাতধরাধরি করে ‘আয় তবে সহচরী...’ নৃত্যগীতে মেতে উঠেছে।আম্মা কাছে নেই, সে জন্য মনে বেদনা হয়, আবার ছেলে দাদাকে মিস করছে, সেটা শুনে বেদনার্ত হওয়ার বদলে অধিকতর আনন্দে মন ভেসে যাচ্ছে। এমন রহস্য রয়েছে বলে জীবন এত মধুর।‘হ্যালো’ ভেসে আসে ফোনের ও প্রান্ত থেকে। ছেলে তখনো আছে। বলি, বলো শুনতে পাচ্ছি।বাবা, একটা গুড নিউজ আছে, ঈদের আগেই দাদা আসছে।শুনেছি স্পষ্ট, তবু তাকে আবার বলতে বলি। জ্যাম তখন হঠাৎ ছুটেছে বলে সবাই একযোগে হর্ন বাজাতে শুরু করেছে। সবাই তাড়াতাড়ি যেতে চায় বলে অস্থির হয়ে একযোগে যে হর্ন বাজিয়ে চলেছে, বিরক্তিকর সে শব্দ মধুর লাগে। ওই মিলিত হর্ন আম্মার আসার খবরে আনন্দ প্রকাশ করছে বলে মনে হয়। আরাফের ‘আবার বলা’কে শুনতে না পাই, জেনে গেছি খুশির খবর, আম্মা আসছেন।