আয়কর ফাঁকির মামলায় কোকোর বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ রোববার এ মামলায় দুজন সাক্ষ্য দিয়েছেন।ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। আজ সাক্ষ্য দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন ও সামিয়া আক্তার। ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।গত ২৭ সেপ্টেম্বর কোকোর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়। গত ৫ আগস্ট এ মামলায় আরাফাত রহমান কোকোকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। ৩০ আগস্ট গেজেট প্রকাশসংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত অভিযোগ আমলে নিয়ে শুনানির দিন ধার্য করেন।২০১০ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন আয়কর ফাঁকির অভিযোগে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে তার ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন আরাফাত রহমান।আয়কর অধ্যাদেশের ১৬৫ ধারায় তিন বছর এবং ১৬৬ ধারায় এক বছর সাজার বিধান রয়েছে। উভয় ধারায় সাজা ও অর্থদণ্ড করারও বিধান রয়েছে। গত বছরের ২৩ জুন মানি লন্ডারিং আইনের একটি মামলায় আরাফাত রহমানের সাত বছরের কারাদণ্ড হয়। কোকোর অনুপস্থিতিতে তাঁর বিরুদ্ধে এখন দ্বিতীয় মামলায় বিচারকাজ শুরু হলো। ২০১০ সালের ১০ অক্টোবর কোকোর প্যারোলে মুক্তির আদেশ বাতিল করা হয়।